গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি ৪৫ কোম্পানি যাচ্ছে ভারতের প্রযুক্তি সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত ড্রোন, সামরিক সেন্সর ও নজরদারি প্রযুক্তি সরবরাহকারী বেশ কয়েকটি ইসরায়েলি প্রতিষ্ঠান ভারতের দুটি প্রযুক্তি সম্মেলনে

2026-11-14T14:43:20+00:00
2026-11-14T15:01:04+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গাজা যুদ্ধে সংশ্লিষ্ট ইসরায়েলি ৪৫ কোম্পানি যাচ্ছে ভারতের প্রযুক্তি সম্মেলনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৩:০১ পিএম
ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত ড্রোন, সামরিক সেন্সর ও নজরদারি প্রযুক্তি সরবরাহকারী বেশ কয়েকটি ইসরায়েলি প্রতিষ্ঠান ভারতের দুটি প্রযুক্তি সম্মেলনে অংশ নিতে যাচ্ছে। চলতি মাসের মাঝামাঝি হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এসব সম্মেলনে মোট ৪৫টি ইসরায়েলি কোম্পানির অংশ নেওয়ার কথা রয়েছে। স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর তেলেঙ্গানার হায়দরাবাদে আয়োজিত স্টার্টআপ অনুষ্ঠানে ২০টি ইসরায়েলি কোম্পানি অংশ নেবে। অনুষ্ঠানটির আয়োজক টি-হাব। নিজেদের বিশ্বের বৃহত্তম স্টার্টআপ হাব হিসেবে পরিচয় দেওয়া প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের বিভিন্ন কর্মসূচি, অংশীদারত্ব ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ দেয়।

এ ছাড়া ১৭ থেকে ১৯ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় বেঙ্গালুরু টেক সামিটে অংশ নেবে আরও ২৫টি ইসরায়েলি কোম্পানি। এ সম্মেলনকে এশিয়ার অন্যতম প্রধান প্রযুক্তি, বাণিজ্য ও উদ্ভাবনবিষয়ক আয়োজন হিসেবে তুলে ধরা হয়।

অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এক্সটেন্ড, ডাগান-অপটিকস ও নেটজার প্রিসিশন। এক্সটেন্ডের তৈরি ড্রোন গাজায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে। ২০২৪ সালের ১৬ অক্টোবর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শেষ মুহূর্তের অবস্থান শনাক্ত ও ভিডিও ধারণে প্রতিষ্ঠানটির একটি ড্রোন ব্যবহারের অভিযোগও রয়েছে। 

ডাগান-অপটিকস ইসরায়েলি সামরিক ইউনিটগুলোকে সরঞ্জাম সরবরাহ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রাফায়েল ডাগান ২০২৪ সালের আগস্টে হারেৎজে প্রকাশিত এক বিজ্ঞাপনী নিবন্ধে বলেছিলেন, তাদের প্রতিষ্ঠান ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া ইউনিট, প্যারাট্রুপার ও পদাতিক বাহিনীকে থার্মাল ইমেজিং ও লক্ষ্যবস্তু নির্ধারণের সরঞ্জাম দিয়েছে।

অন্যদিকে নেটজার প্রিসিশনের তৈরি সেন্সর ইসরায়েলের বিভিন্ন অস্ত্রব্যবস্থায় ব্যবহৃত হয়। এর মধ্যে গাজায় ব্যবহৃত মারকাভা ট্যাংক ও সাঁজোয়া যানও রয়েছে।

মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, সম্মেলনে অংশ নিতে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত, আবার কয়েকটি দেশটির বৃহত্তর সামরিক-শিল্প কাঠামো ও অধিকৃত পশ্চিম তীরের দখলদারত্ব অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এসব সম্মেলনে অংশ নেবে জিন.এআই, অরকা সিকিউরিটি ও ম্যাগাল সলিউশনসের মতো প্রতিষ্ঠান। জিন.এআই ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে। অরকা সিকিউরিটির দাবি, তাদের ৯০ শতাংশ কর্মীর সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা রয়েছে। আর ম্যাগাল সলিউশনস গাজা সীমান্তের বেড়া এবং অধিকৃত পশ্চিম তীরের বিচ্ছিন্নতাবেষ্টনীর কিছু অংশে অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা ও সেন্সর স্থাপন করেছে।


ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে কার্যত সীমান্তবর্তী বেড়ায়ও ম্যাগালের সেন্সর স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রুবি এআই নামের একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানও সম্মেলনে অংশ নেবে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক পরিষ্কারের জন্য ‘যান্ত্রিক অক্টোপাস’ তৈরি করেছে। ভবিষ্যতে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিষ্কারে সক্ষম রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।

ইসরায়েলি নজরদারি প্রযুক্তি নিয়ে ভারতে উদ্বেগ

এ সম্মেলনগুলো এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার বিষয়ে ভারতের কেন্দ্রীয় ও কয়েকটি রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের কাছ থেকে তথ্য সংগ্রহে সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকর্মী ও সাংবাদিকদের ডিভাইস থেকে তথ্য সংগ্রহেও প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের নজির রয়েছে।

ভারতে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে আটক ব্যক্তিদের ফোন থেকে বেআইনিভাবে তথ্য সংগ্রহে প্রযুক্তিটি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা। আইএফএফের তদন্তে দেখা গেছে, প্রধান বিরোধী দল কংগ্রেসশাসিত রাজ্যগুলোও এ প্রযুক্তি কিনেছে। এতে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে দলীয় বিভাজনের বাইরে সহযোগিতার বিষয়টি উঠে এসেছে।

আইএফএফের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, ভারতের পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো বিদেশ থেকে নজরদারি ও ফরেনসিক প্রযুক্তি কিনছে, কিন্তু এসব ব্যবহারের নিয়মকানুন তৈরিতে সংসদ পিছিয়ে রয়েছে। তাঁর দাবি, এসব প্রযুক্তির প্রথম লক্ষ্যবস্তু হন বিক্ষোভকারী, সাংবাদিক, কাশ্মীরি ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ, কারণ তাঁদের পক্ষে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানা বা এর বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন।

সামরিক সহযোগিতা বাড়ছে ভারত-ইসরায়েলের

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ভারত ও ইসরায়েলের ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। ইলেকট্রনিকস, প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও সম্পর্ক জোরদার হয়েছে।

২০২৪ সালের মার্চে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) দিল্লি ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) মধ্যে প্রয়োগভিত্তিক গবেষণার চুক্তি হয়। ভারতের আরও কয়েকটি আইআইটি ইসরায়েলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে সামরিক দায়িত্ব শেষ করে হাজারো ইসরায়েলি নাগরিক ছুটি কাটাতে ভারতে আসছেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দুই সাবেক ইসরায়েলি সেনা ভারতে ভ্রমণে এলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছিল। তবে দুজনই পরে ভারত ছেড়ে চলে যান। অভিযোগের বিষয়ে দিল্লি তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও ভারত সরকার ও দেশটির বেসরকারি খাতের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও বিভিন্ন উপকরণ পাঠানো হয়েছে।

আইএফএফের মুখপাত্র বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে ভারতীয় সংস্থাগুলোর উচিত কী কেনা হচ্ছে, কোন আইনের আওতায় তা ব্যবহার করা হবে এবং ব্যবহারের ওপর কারা নজরদারি করবে—এসব তথ্য প্রকাশ করা। তাঁর দাবি, বর্তমানে এ তিনটি ক্ষেত্রেই স্বচ্ছতার ঘাটতি রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজা যুদ্ধ  ইসরায়েল  ৪৫ কোম্পানি  ভারত  প্রযুক্তি সম্মেলন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: