১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের ছোড়া

2026-11-14T23:29:39+00:00
2026-11-14T23:29:39+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের ছোড়া দুটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি জোট বলেছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মার্কিন ইসরাইলি যুদ্ধের মাঝে এই সংঘাত ওই অঞ্চলে নতুন আরেকটি ফ্রন্টের উন্মোচন করেছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে সৌদি আরব এবং বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

এদিকে মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনাকে নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে পরের বছর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে পুনরায় শত্রুতা শুরু হয়; হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা শুরু করে।

সংঘাতের এই নতুন তীব্রতা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে দেশের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় ১২ দিনে অন্তত ৫১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ জন। শনিবার এক বিবৃতিতে তাইজ মানবাধিকার কেন্দ্র জানিয়েছে, হতাহতদের মধ্যে ৪৩ শিশু ও ১৯ নারী রয়েছেন। নিহতদের মধ্যে ১৩ শিশু ও তিন নারী রয়েছেন। গত ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসব হামলায় আহত ৮৫ জনের মধ্যে ৩০ শিশু ও ১৬ নারী। হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, গোলাবর্ষণ, স্নাইপারের গুলিবর্ষণ, সরাসরি গুলি ও স্থলমাইনের বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, তিনটি বড় হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আল-মিসরাখ জেলার আল-নাজদ বাজার, হাইফান জেলার আল-আথাওয়ার গ্রাম এবং আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারা স্থানীয় বাজারে হামলায় মোট ৪৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদের অপহরণ, বাড়িঘরে অভিযান ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মানুষের ব্যক্তিগত সম্পত্তি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে। এসব অভিযোগের বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযানের লক্ষ্য অর্জনে সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির ভাষ্য অনুযায়ী, গত ৫ অক্টোবর শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য হুথিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং রাজধানী সানা পুনর্দখল করা। গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ বেড়েছে।

বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছের তাইজ প্রদেশে লড়াই তীব্র হয়েছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল থেকে চলা আপেক্ষিক শান্তির অবসান ঘটেছে এবং দেশটির মানবিক সংকট আরও গভীর হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে হুথিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে। ফলে দীর্ঘদিন ধরে দেশটিতে সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   হামলা  ইয়েমেন  বেসামরিক নাগরিক  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: