প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ২:৩৮ পিএম
গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে ১২ জন প্রাণ হারান এবং ১৬ জন আহত হন।
আহতদের ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, উদ্ধারকাজে ৩২ সদস্যের ১২টি দল পাঠানো হয়েছে। এ ছাড়া, ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ইরানে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। দেশটির সরকারি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত আগের ১২ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সময়ের আলো/মহু