৯১ বছরে প্রথম পাসপোর্ট, ৯৭-এ সাত মহাদেশ ঘুরলেন ‘গ্র্যান্ডমা জয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি এক নারী জয় রায়ান। ৯১ বছর বয়সে প্রথমবারের মতো পাসপোর্ট হাতে পেয়েছিলেন তিনি। এরপর

2026-11-15T10:04:01+00:00
2026-11-15T10:04:01+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৯১ বছরে প্রথম পাসপোর্ট, ৯৭-এ সাত মহাদেশ ঘুরলেন ‘গ্র্যান্ডমা জয়’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ এএম 
জয় ও ব্র্যাডের ভ্রমণের শুরু ২০১৫ সালে । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সি এক নারী জয় রায়ান। ৯১ বছর বয়সে প্রথমবারের মতো পাসপোর্ট হাতে পেয়েছিলেন তিনি। এরপর ৪৫ বছর বয়সি নাতি ব্র্যাড রায়ানকে সঙ্গে নিয়ে শুরু করেন বিশ্বভ্রমণ। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে সাত মহাদেশ ঘোরার স্বপ্ন পূরণ করেছেন তিনি। পরিবার ও ভ্রমণপ্রেমীদের কাছে ‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত এই নারী এখন অনুপ্রেরণার এক নাম।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে শুরু হওয়া দাদি-নাতির এই ভ্রমণ শুধু নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কারের গল্প নয়, বরং হারিয়ে যাওয়া পারিবারিক সম্পর্ক নতুন করে ফিরে পাওয়ারও এক অনন্য অভিজ্ঞতা।

জয় ও ব্র্যাডের ভ্রমণের শুরু ২০১৫ সালে। ওই বছরের শরৎকালে ব্র্যাড দীর্ঘদিন পর দাদির সঙ্গে যোগাযোগ করেন। জানতে চান, তিনি তার সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে আগ্রহী কি না। জয় এর আগে কখনো পাহাড় দেখেননি। তাই নাতির প্রস্তাবে রাজি হয়ে বেরিয়ে পড়েন নতুন অভিজ্ঞতার সন্ধানে।

সেই ছোট্ট ভ্রমণই একসময় বড় অভিযানের রূপ নেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান ঘুরে দেখার পরিকল্পনা করেন তারা। ২০২৩ সালের মে মাসে দেশটির ৬৩টি জাতীয় উদ্যানের সব কটিতে ভ্রমণ সম্পন্ন করেন দাদি-নাতি।

এরপর যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ভ্রমণে বের হন তারা। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর জয়ের সামনে খুলে যায় বিশ্বের নানা প্রান্ত ঘুরে দেখার সুযোগ।

ভ্রমণের অংশ হিসেবে কেনিয়ায় হাতি দেখেছেন তারা, আয়ারল্যান্ডে ঘুরে দেখেছেন ঐতিহাসিক দুর্গ। সম্প্রতি থাইল্যান্ড সফরে বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শনের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গেও কথা বলেন। গত সেপ্টেম্বরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া ভ্রমণের মধ্য দিয়ে সাত মহাদেশ ঘোরার লক্ষ্য পূরণ হয় তাদের। অস্ট্রেলিয়া ছিল এই তালিকার শেষ গন্তব্য।


অন্যদিকে, অস্ট্রেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ জয়। বিশেষ করে দেশটির কোয়ালা প্রাণীগুলো তার খুব ভালো লেগেছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন তিনি।

তবে এই ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো তাদের পারিবারিক সম্পর্কের পুনর্গঠন। একসময় টানা ১০ বছর দাদি ও নাতির মধ্যে কোনো যোগাযোগ ছিল না। সেই দূরত্ব ঘুচিয়ে ভ্রমণ এখন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

ব্র্যাডের ভাষ্য, থাইল্যান্ডে এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে সাহায্য করেছে। অতীতের কষ্টকর অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং জীবনের ইতিবাচক দিকগুলোকে গুরুত্ব দেওয়ার শিক্ষা পেয়েছেন তিনি।

ব্র্যাড আরও জানান, এই ভ্রমণ তাকে অতীতের কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করেছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ৯১ বছর  প্রথম পাসপোর্ট  সাত মহাদেশ  ঘুরলেন  গ্র্যান্ডমা জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: