লোহিত সাগরে হুতিদের হাতে কী কী ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সামরিক অভিযান দেশটির গৃহযুদ্ধকে আরও তীব্র করেছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। এক

2026-11-15T16:55:05+00:00
2026-11-15T16:55:05+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লোহিত সাগরে হুতিদের হাতে কী কী ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম 
ইয়েমেনের রাজধানী সানায় ‘প্যালেস্টাইন’ লেখা ক্ষেপণাস্ত্রের বিশাল প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আছেন এক নিরাপত্তারক্ষী। ছবি : এএফপি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সামরিক অভিযান দেশটির গৃহযুদ্ধকে আরও তীব্র করেছে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করা গোষ্ঠীটি সরকারপন্থি বাহিনীর কাছ থেকে নতুন ভূখণ্ড দখল করেছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের অবস্থান শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। 

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে বাব আল-মান্দেব প্রণালি। গুরুত্বপূর্ণ এই নৌপথে সৌদি আরবের জাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে হুতিরা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হুতিদের প্রায়ই অপরিকল্পিত বা অনিয়মিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়। তবে গত দুই দশকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারে তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইয়েমেনের পাশাপাশি ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

গোষ্ঠীটির অস্ত্রভান্ডারের বড় অংশ ইরানের তৈরি অথবা দেশটির সরবরাহ করা প্রযুক্তির ওপর নির্ভরশীল। ইরান হুতিদের নিজেদের ‘প্রতিরোধ অক্ষের’ অংশ হিসেবে বিবেচনা করে। এই জোটে হামাস ও হিজবুল্লাহও রয়েছে।

তবে যুদ্ধক্ষেত্রে বিজয়ের মাধ্যমে সাবেক ইয়েমেনি সরকারের কাছ থেকেও বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুতিরা। এর মধ্যে কয়েক দশক পুরোনো সোভিয়েত আমলের ট্যাংক ও হেলিকপ্টার রয়েছে। সম্প্রতি পিছু হটা সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক যানও দখল করেছে তারা।

হুতিদের অস্ত্রভান্ডারে ঠিক কতসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, তা জানা যায়নি। তবে তাদের সামরিক সক্ষমতা ও অস্ত্রের ধরন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। 

কারা এই হুতি, ইয়েমেনে কী ঘটছে?

আনুষ্ঠানিকভাবে আনসার আল্লাহ নামে পরিচিত হুতি গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এর প্রতিষ্ঠাতা ধর্মীয় নেতা হুসেইন আল-হুতি। জায়েদি শিয়া মতাদর্শের অনুসারী এই গোষ্ঠী ইয়েমেনের উত্তরাঞ্চলের জন্য অধিক স্বায়ত্তশাসন চায়। দেশটির জনসংখ্যার বড় একটি অংশ এই অঞ্চলে বসবাস করে। 
 
হুসেইনের ভাই আবদুল মালিক আল-হুতির নেতৃত্বে গোষ্ঠীটি ২০০০-এর দশকে তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের সরকারের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধে জড়ায়।

তাদের স্লোগান, ‘আল্লাহ মহান, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু, ইহুদিদের অভিশাপ এবং ইসলামের বিজয়।’

২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ইয়েমেনের গৃহযুদ্ধের একপর্যায়ে রাজধানী সানাসহ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ দখল করে নেয় হুতিরা। গৃহযুদ্ধের প্রধান পক্ষ ছিল হুতিরা এবং সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সমর্থনপুষ্ট সরকারপন্থি বাহিনী।

এরপর গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫ সালে তাদের যোদ্ধার সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। ২০২৪ সালে তা বেড়ে আনুমানিক ৩ লাখ ৫০ হাজারে পৌঁছায়। তবে এ সংখ্যা নিয়ে বিভিন্ন হিসাব রয়েছে।

২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে লোহিত সাগর ও এডেন উপসাগরে শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে ইয়েমেনের প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড এবং ৮০ শতাংশ জনসংখ্যা হুতিদের নিয়ন্ত্রণে থেকে যায়। তবে সৌদি নেতৃত্বাধীন অবরোধ অব্যাহত ছিল।

গত জুলাইয়ে সৌদি আরব সানা বিমানবন্দরে বোমা হামলা চালানোর পর আপেক্ষিক শান্তির সেই পরিস্থিতি ভেঙে পড়ে। হুতিরা সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং কয়েক মাস বিরতির পর আবারও এডেন উপসাগর ও লোহিত সাগরে বিশেষ করে সৌদি জাহাজে হামলা শুরু করে।

প্রশিক্ষণ ও যুদ্ধকৌশল

হুতিরা ইরানের সরাসরি নিয়ন্ত্রণাধীন না হলেও ২০০০-এর দশকের শেষ দিক থেকে তেহরান তাদের আঞ্চলিক অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিদেশি অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানি হুতিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে ধারণা করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলায় তিনি নিহত হন।

প্রতিরোধ অক্ষের অন্য সদস্যদের সঙ্গেও হুতিদের সহযোগিতা রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর নেতাদের সঙ্গে ইরাক ও সিরিয়ায় বৈঠক করেছেন হুতি নেতারা।

ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর থেকে হুতিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়াও। ২০২৪ সালের আগস্টে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মস্কো গোষ্ঠীটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করার তথ্য সরবরাহ করেছে এবং ইয়েমেনে সামরিক গোয়েন্দা কর্মকর্তাও পাঠিয়েছে।

তবে সিরিয়ার গৃহযুদ্ধের সময় বাশার আল-আসাদকে রাশিয়া যে ধরনের সহযোগিতা দিয়েছিল, হুতিদের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে কম। তবু গোষ্ঠীটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ব্যবহার করেছে মস্কো।

জাহাজ শনাক্ত ও হামলার লক্ষ্য নির্ধারণে উন্মুক্ত তথ্যভান্ডারও ব্যবহার করে হুতিরা। এর মধ্যে সামুদ্রিক গোয়েন্দা তথ্য সরবরাহকারী ওয়েবসাইটের জাহাজ চলাচলের তথ্য রয়েছে।

গত সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, ক্ষেপণাস্ত্রের নেভিগেশন ব্যবস্থা তৈরিতে হুতিরা তাদের ক্লড এআই মডেল ব্যবহার করে থাকতে পারে।

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র

হুতিদের কাছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র থাকার কোনো ইঙ্গিত নেই। ফলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাইরে হামলা চালানোর সক্ষমতা তাদের নেই বললেই চলে।

তবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের সক্ষমতা রয়েছে। সানা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও রয়েছে।

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি জটিল ও ব্যয়বহুল। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় অবকাঠামো হুতিদের নেই। বরং ইরান থেকে এগুলো সরবরাহ করা হয়ে থাকতে পারে।

কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের (সিএআর) জ্যেষ্ঠ বিশ্লেষক ফ্যাবিয়ান হিনজ বলেন, হুতিদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তার ভাষ্য, তেহরান হুতিদের কাছে নিয়মিত অস্ত্রপ্রযুক্তি সরবরাহ করতে পেরেছে। এমনকি খাইবার শেখানের মতো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তিও তাদের সঙ্গে ভাগ করে নিতে ইরান প্রস্তুত ছিল।

হুতিদের অস্ত্রভান্ডারে রয়েছে ‘প্যালেস্টাইন-২’ সিরিজের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। ২০২৪ সালে প্রথমবারের মতো এ ক্ষেপণাস্ত্রের প্রচার চালায় গোষ্ঠীটি। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২ হাজার ১৫০ কিলোমিটার এবং এটি কঠিন জ্বালানিতে চলে। ফলে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব।

হুতিদের দাবি, প্যালেস্টাইন-২ একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এতে ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করা যায় এবং ঘণ্টায় ৬ হাজার কিলোমিটারের বেশি গতিতে, অর্থাৎ শব্দের গতির পাঁচ গুণ বেগে চলতে পারে। চলার পথে দিক পরিবর্তনের সক্ষমতাও রয়েছে বলে দাবি তাদের। এতে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

তবে বিশ্লেষকেরা এসব দাবির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমানে রাশিয়া, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এসব দেশের কোনো ক্ষেপণাস্ত্রের গতিও হুতিদের দাবিকৃত গতির সমান নয়।

হুতিরা মাঝারি পাল্লার আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হাতেম-২’-এর ভিডিও প্রকাশ করেছে। এটি ইরানের খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ বলে ধারণা করা হয়। এর পাল্লা ১ হাজার ৪৫০ কিলোমিটার এবং এটি ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এটি ইরানের অন্যতম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা।

তবে গোপনে অস্ত্র তৈরি ও পাচারের কারণে হুতিদের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা কত, তা স্পষ্ট নয়।

গ্লোবাল সিকিউরিটি কনসালট্যান্ট এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো উলফ-ক্রিশ্চিয়ান পায়েস বলেন, হুতিদের কাছে একটি ক্ষেপণাস্ত্রও থাকতে পারে, আবার ১০০টিও থাকতে পারে। প্রতিটি ক্ষেপণাস্ত্রব্যবস্থার সংখ্যা সম্পর্কে প্রকৃতপক্ষে তেমন কিছু জানা যায় না। তারা যখন ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখনই কেবল এ বিষয়ে ধারণা পাওয়া যায়।

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ও জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র

দূরপাল্লার পাশাপাশি কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলার জন্যও ক্ষেপণাস্ত্র রয়েছে আনসার আল্লাহর হাতে।

২০২৪ সালে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা।

বিশ্লেষকদের মতে, চলন্ত জাহাজে হামলার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ছিল কিছুটা অপ্রচলিত কৌশল। কারণ, এ ধরনের ক্ষেপণাস্ত্র বাঁকানো পথে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় এবং চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভুল হওয়ার আশঙ্কা থাকে। এ থেকে ধারণা করা হয়, সে সময় হুতিদের কাছে এ ধরনের হামলার জন্য উপযোগী অন্য অস্ত্রের মজুত কমে গিয়েছিল।

এরপর থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে হুতিরা। এসব ক্ষেপণাস্ত্র পানির উপরিভাগ ঘেঁষে চলে এবং তুলনামূলকভাবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ফ্যাবিয়ান হিনজের মতে, এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইরানের কুদস সিরিজের আদলে তৈরি। এগুলোর পাল্লা অন্তত ৮০০ কিলোমিটার।

এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজে হামলার জন্য ছোট আকারের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে হুতিরা। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৬ কিলোমিটার।

এসব অস্ত্রের অনেকগুলোর সঙ্গে ইরানের প্রযুক্তির ঘনিষ্ঠ মিল রয়েছে। এগুলো তৈরির জন্য জটিল উৎপাদন অবকাঠামো প্রয়োজন, যা ইয়েমেনে শনাক্ত করা যায়নি। বিশ্লেষকদের ধারণা, ইরান থেকে যন্ত্রাংশ সরবরাহের পর ইয়েমেনে সেগুলো সংযোজন করা হয়ে থাকতে পারে।

সিএআরের গবেষণাপ্রধান রব হান্টার-পারকিনস বলেন, কিছু ক্ষেত্রে হুতিরা ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ যন্ত্রাংশ কিট আকারে পেয়ে থাকে। সঙ্গে থাকে সংযোজনের নির্দেশনাও।

হিনজ জানান, ২০১৪ সালে সানা দখলের সময় ইয়েমেন সরকারের কাছ থেকে পুরোনো ক্ষেপণাস্ত্রের মডেলও নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুতিরা। বিদেশি সহায়তায় সেগুলোর কিছু পরিবর্তন ও আধুনিকায়ন করা হয়েছে বলে ধারণা করা হয়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে পুরোনো সোভিয়েত আমলের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যেগুলোকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া সোভিয়েত নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।

তবে এসব পুরোনো অস্ত্রের কতগুলো এখনো হুতিদের হাতে রয়েছে, তা স্পষ্ট নয় বলে জানান হিনজ।


ড্রোন

২০১৪ সালে সানা দখলের পর ইয়েমেন সরকারের কাছ থেকে অল্পসংখ্যক সোভিয়েত আমলের ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুতিরা। এসব অস্ত্র তাদের আরও ভূখণ্ড দখলে সহায়তা করে।

তবে গৃহযুদ্ধ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোট আকাশপথের নিয়ন্ত্রণ নেয় এবং হুতিদের অনেক সামরিক যান ধ্বংস করে। এরপর স্থলযুদ্ধে ড্রোনের ব্যবহার বাড়াতে শুরু করে গোষ্ঠীটি।

উলফ-ক্রিশ্চিয়ান পায়েস বলেন, ইয়েমেনের সরকারপন্থি পদাতিক বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘাতে হুতিদের ড্রোন সবচেয়ে কার্যকর। বিশেষ করে প্রতিপক্ষের কার্যকর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা না থাকায় এসব ড্রোনের ব্যবহার তাদের জন্য সুবিধাজনক।

‘জাফা’ ও ‘সামাদ’ মডেলের কয়েকটি ড্রোন ২ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে এসব ড্রোন ব্যবহার করেছে হুতিরা। তবে ইসরায়েলের আয়রন ডোমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে খুব কম ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে।

এসব ড্রোনের যন্ত্রাংশের বড় অংশ ইরান থেকে আমদানি করা হয়ে থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে ইয়েমেনেই এগুলোর উন্নয়ন ও সংযোজন করা হয় বলে মনে করেন হিনজ।

তার মতে, সাম্প্রতিক কিছু প্রমাণে দেখা গেছে, হুতিরা হাইড্রোজেনচালিত ড্রোন তৈরি করছে। এসব ড্রোন দীর্ঘ দূরত্বে বেশি ওজনের সরঞ্জাম বহন করতে সক্ষম।

তবে জাহাজের বিরুদ্ধে ড্রোন খুব একটা কার্যকর নয় বলে মনে করেন পায়েস। তার ভাষায়, ড্রোন অনেকটা রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজ করে।

তিনি বলেন, জাহাজ চলাচলকারী কোম্পানিগুলো ঝুঁকি নিতে চায় না। তাই ড্রোন ব্যবহার করে হুতিরা কম খরচে জাহাজমালিকদের এই বার্তা দিতে পারে যে, তারা চাইলে জাহাজে পৌঁছাতে সক্ষম। জাহাজ ডুবিয়ে দেওয়া কিংবা বড় ধরনের ক্ষতি করার ক্ষেত্রে ড্রোন খুব কার্যকর না হলেও এই হুমকি জাহাজ চলাচলে প্রভাব ফেলে।

বন্দুক ও হালকা অস্ত্র

বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্রধারী সমাজগুলোর একটি ইয়েমেন। কোনো কোনো হিসাব অনুযায়ী, দেশটিতে মানুষের সংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি। এসব অস্ত্রের অনেকগুলোই আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়।

ইয়েমেনের অনেক পুরুষের কাছে কালাশনিকভ কিংবা হ্যান্ডগানের মালিকানা একধরনের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের ওপরও তেমন বিধিনিষেধ নেই।

ইরান থেকে সরবরাহ করা অস্ত্রের মধ্যে রয়েছে মেশিনগান, রকেটচালিত গ্রেনেড এবং বিভিন্ন ধরনের হালকা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অস্ত্র জব্দের বিভিন্ন ঘটনায় এসব সরবরাহের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া ইয়েমেনে কয়েক দশক ধরে প্রচলিত বিভিন্ন অস্ত্রও হুতিদের হাতে এসেছে। দেশটির গৃহযুদ্ধের সময় বিপুল পরিমাণ অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে জার্মানিতে তৈরি শক্তিশালী জি-৩ রাইফেল। এগুলো প্রতি মিনিটে সর্বোচ্চ ৬০০টি গুলি ছুড়তে পারে। সাইট ব্যবহার করে এর কার্যকর পাল্লা ৮০০ মিটার পর্যন্ত।

বিমান ও নৌবাহিনী

আকাশ ও নৌপথে হুতিদের সামরিক সক্ষমতা সীমিত। তাদের হাতে মাত্র একটি যুদ্ধবিমান রয়েছে বলে ধারণা করা হয়। সেটি যুক্তরাষ্ট্রের তৈরি নর্থরপ এফ-৫। দুই বছরের বেশি সময় ধরে বিমানটিকে দেখা যায়নি। ক্ষেপণাস্ত্র হামলায় এটি ধ্বংস হয়ে থাকতে পারে।

গৃহযুদ্ধের সময় সরকারপন্থি বাহিনীর কাছ থেকে বিমানটি দখল করে হুতিরা। ধারণা করা হয়, ১৯৭০-এর দশকে তৎকালীন ইয়েমেন আরব প্রজাতন্ত্রকে যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিমানের একটি চালান দিয়েছিল, এটি তারই অংশ।

হুতিদের হাতে হেলিকপ্টারও রয়েছে বলে ধারণা করেন পায়েস। তবে এর সংখ্যা নিশ্চিত নয় এবং সেগুলো সম্ভবত পুরোনো মডেলের।

২০২৩ সালের নভেম্বরে লোহিত সাগরে ‘গ্যালাক্সি লিডার’ নামের গাড়িবাহী একটি জাহাজ দখলে সোভিয়েত আমলের একটি হেলিকপ্টার ব্যবহার করেছিল হুতিরা। সে সময় জাহাজটিতে কোনো গাড়ি ছিল না।

হুতিদের প্রচলিত অর্থে কোনো নৌবাহিনী নেই। তাদের নৌযানের মধ্যে রয়েছে বেসামরিক জাহাজ এবং কয়েক ধরনের চালকবিহীন জলযান, যেগুলো ড্রোন বোট নামেও পরিচিত।

দূর থেকে নিয়ন্ত্রণ করা এসব জলযান সাধারণত ছোট ও দ্রুতগতির স্পিডবোটের মতো। এগুলোতে বিস্ফোরক বোঝাই করে বড় জাহাজে হামলা চালানো হয়।

পায়েস মিডল ইস্ট আইকে বলেন, এসব চালকবিহীন জলযানের অনেকগুলো ইয়েমেনেই তৈরি করা হয়। এতে ব্যবহৃত ইঞ্জিনের মতো যন্ত্রাংশ চীন, জাপান কিংবা ইউরোপ থেকে কেনা হয়। এসব যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে তেমন কোনো বিধিনিষেধ নেই।

তিনি বলেন, ড্রোন বোটে সাধারণত মাছ ধরার নৌকায় ব্যবহৃত একই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। ফলে তাত্ত্বিকভাবে এসব যন্ত্রাংশ বিক্রি সীমিত করা সম্ভব হলেও প্রশ্ন থেকে যায়, হুতিরা অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে বলে ইয়েমেনের জেলেদের জন্য নৌকার যন্ত্রাংশ বিক্রি বন্ধ করা কতটা যুক্তিসংগত হবে।


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   লোহিত সাগর  হুতি  ড্রোন  ক্ষেপণাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: