লাদাখের জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, তাকে গৃহবন্দি করা হয়েছে এবং তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে। ছবি : এনডিটিভিভারতের লাদাখের জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে জনসমাবেশ ও মিছিলেও অংশ নিতে নিষেধ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লাদাখ স্বায়ত্তশাসিত হিল কাউন্সিল নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন চলার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হলো।
রোববার (১৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়াংচুককে একটি আন্দোলনস্থল থেকে সরিয়ে নেওয়ার এক দিন পর লেহর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৃহবন্দির এ আদেশ জারি করেন। লেহ পুলিশের প্রধানের চিঠি ও পুলিশের একটি প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা প্রয়োগ করে তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ৬০ দিন বহাল থাকবে।
এর আগে ওয়াংচুক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাকে গৃহবন্দি করা হয়েছে এবং তার বাড়ির চারপাশে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি গৃহবন্দি। কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তারক্ষী আমার বাড়ি ঘিরে রেখেছে। অথচ সরকারের ভাষ্য, আমাকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত বছরের লেহ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশে বিলম্ব কেন এবং শীতের মাঝামাঝি সময়ে দ্রুতগতিতে একটি প্রশ্নবিদ্ধ কাউন্সিল নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে কেন— এমন অস্বস্তিকর প্রশ্ন করার কারণেই এসব করা হচ্ছে। পুরো লাদাখ প্রতিবাদে উত্তাল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আমার এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রচারও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে।’
২০১৯ সালে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এটিই হতে যাচ্ছে অঞ্চলটির প্রথম বড় নির্বাচনী আয়োজন। আগামী ৪ ডিসেম্বর আটটি স্বায়ত্তশাসিত হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এএলএইচডিসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীতের মধ্যে ভোট আয়োজনের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিক্ষোভের পাশাপাশি নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।
আটটি কাউন্সিলে মোট ১০০টি আসনে নির্বাচন হবে। এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৩৬টি আসন।
লাদাখ প্রশাসনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীরা ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ৮ ডিসেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে।
লেহ ও কারগিলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। রাজনৈতিক ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছে।
লাদাখের মুখ্য সচিব আশিস কুন্দ্রা জানান, নতুন করে আটটি জেলা গঠনের পর নির্বাচনী এলাকার সংখ্যা বাড়ানো হয়েছে। আগে লেহ ও কারগিলের প্রতিটিতে ২৬টি করে আসন ছিল। এখন প্রতিটি জেলায় ৫০টি করে আসন নির্ধারণ করা হয়েছে। ফলে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১০০।
শীতের মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে কুন্দ্রা বলেন, আবহাওয়া যেন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্রে হিটার রাখা হবে এবং বয়স্ক ভোটারদের জন্য আলাদা সারির ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, লাদাখের স্কুলগুলো সাধারণত ১৫ বা ১৬ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকে। শিশুরা যদি ওই সময় স্কুলে যেতে পারে, তাহলে প্রাপ্তবয়স্কদের ভোট দিতে বের হতেও অসুবিধা হওয়ার কথা নয়।
নির্বাচিত কাউন্সিলগুলো দ্রুত গঠন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুখ্য সচিব। তার মতে, নতুন নির্বাচিত পরিষদগুলো আগামী অর্থবছরের বাজেট প্রস্তুতির জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস সময় পাবে।
পুনর্গঠিত কাউন্সিলগুলোর ক্ষমতা সম্পর্কে কুন্দ্রা জানান, নতুন নির্বাচিত স্বায়ত্তশাসিত হিল কাউন্সিলগুলো আগের আইনগত ক্ষমতা বজায় রাখবে। পাশাপাশি ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনীর আওতায় জেলা পর্যায়ের পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত অতিরিক্ত দায়িত্বও পালন করবে।
তিনি বলেন, জেলার জনসংখ্যা এবং নির্ধারিত হিল কাউন্সিলের বিধি অনুসরণ করে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো পঞ্চায়েত হালকা বা পৌর ওয়ার্ডকে ভাগ করে নির্বাচনী এলাকা গঠন করা যাবে না। তবে একাধিক পঞ্চায়েতকে একত্র করে একটি নির্বাচনী এলাকা করা যাবে।
এদিকে হিল কাউন্সিল, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা একই সময়ে করার বিষয়টিও বিবেচনা করছে প্রশাসন। মুখ্য সচিব জানান, একটি নির্বাচনের ফলাফল যেন অন্য নির্বাচনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে সুপারিশ করা হবে।
লাদাখে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনও চলছে। অঞ্চলটিতে মোট ১৯২টি পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে ৫৫টি পঞ্চায়েতের সরপঞ্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং তাদের নির্বাচনের সনদ দেওয়া হয়েছে। বাকি ১৩৭টি সরপঞ্চ পদে ভোট হবে। পঞ্চায়েত সদস্যদের কয়েকটি পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌরসভা নির্বাচনে লেহতে ২১টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কারগিল পৌর কাউন্সিলে রয়েছে ১৭টি ওয়ার্ড। এর মধ্যে চারটি ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কুন্দ্রা বলেন, গত তিন বছর ধরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার পঞ্চায়েতগুলোর পাশাপাশি নতুন আটটি জেলা কাউন্সিলও গঠন করা হচ্ছে।
তবে কঠোর শীতের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে লাদাখের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন। তারা নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে।
গত মঙ্গলবার নির্বাচনী তফসিলের প্রতিবাদে কারগিলে পূর্ণদিবস বন্ধ পালন করা হয়। অন্যদিকে লেহর লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশন পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
তবে প্রশাসনের দাবি, তৃণমূল পর্যায়ে সুশাসন জোরদার এবং নতুন জেলাগুলোতে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নির্ধারিত সময়ে নির্বাচিত পরিষদ গঠন করা জরুরি।
সময়ের আলো/ইউএমএইচ