পোষা প্রাণীদের নতুন ভয় মাংসখেকো মাছি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

একটি ছোট ক্ষত, তার ভেতরে শত শত ডিম। সেখান থেকে জন্ম নেওয়া লার্ভা ধীরে ধীরে খেতে শুরু করে জীবন্ত মাংস।

2026-11-16T01:57:32+00:00
2026-11-16T01:57:32+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পোষা প্রাণীদের নতুন ভয় মাংসখেকো মাছি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
একটি ছোট ক্ষত, তার ভেতরে শত শত ডিম। সেখান থেকে জন্ম নেওয়া লার্ভা ধীরে ধীরে খেতে শুরু করে জীবন্ত মাংস। শুধু ক্ষতস্থানের উপরিভাগ নয়, শরীরের গভীরে ঢুকেও টিস্যু নষ্ট করে তারা। শুনতে কোনো ভৌতিক সিনেমার দৃশ্য মনে হলেও এটি বাস্তব। 

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামের এক পরজীবী মাছির লার্ভা এভাবেই আক্রমণ করে প্রাণীদের। প্রায় ছয় দশক আগে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল করা এই পরজীবী আবার ফিরে এসেছে। এবার গবাদিপশুর পাশাপাশি আক্রান্ত হচ্ছে পোষা কুকুরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। তথ্যসূত্র : রয়টার্স, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি পোষা কুকুরের শরীরে স্ক্রুওয়ার্মের সংক্রমণ শনাক্ত হয়। অঙ্গরাজ্যটিতে এটি পঞ্চম সংক্রমণের ঘটনা। এর আগে আক্রান্ত হয়েছিল আরেকটি কুকুর, দুটি ঘোড়া ও একটি ভেড়া। টেক্সাস ও নিউ মেক্সিকোর পর অ্যারিজোনা হলো তৃতীয় অঙ্গরাজ্য, যেখানে পরজীবীটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ১২০ হয়েছে। স্ক্রুওয়ার্ম আসলে এক ধরনের মাছি। এর বৈজ্ঞানিক নাম ঈড়পযষরড়সুরধ যড়সরহরাড়ৎধী। পূর্ণবয়স্ক স্ত্রী মাছি জীবিত প্রাণীর শরীরের খোলা ক্ষত কিংবা চোখ, কান, নাক ও মুখের মতো অংশের আশপাশে ডিম পাড়ে। ক্ষতটি বড় হওয়া জরুরি নয়; সামান্য আঁচড় বা ছোট ক্ষতও মাছিটির ডিম পাড়ার জায়গা হতে পারে। একটি স্ত্রী মাছি একবারে ২০০ থেকে ৩০০টি ডিম পাড়তে পারে। জীবদ্দশায় ডিমের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় তিন হাজারে।

ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলো সাধারণ পচা মাংস খাওয়া ম্যাগটের মতো নয়। এগুলো জীবন্ত টিস্যু খেয়ে বেঁচে থাকে। ধারালো মুখের অংশ দিয়ে ক্ষত আঁকড়ে ধরে মাংসের গভীরে ঢুকে যায়। শরীরের ভেতরে লার্ভার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষত বড় ও গভীর হতে থাকে। আক্রান্ত প্রাণীর তীব্র ব্যথা, রক্তক্ষরণ ও দুর্বলতা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না পেলে সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। প্রায় সাত দিন মাংস খাওয়ার পর পূর্ণ লার্ভাগুলো মাটিতে পড়ে পিউপায় পরিণত হয়। পরে সেখান থেকে বেরিয়ে আসে পূর্ণাঙ্গ মাছি। এভাবেই চলতে থাকে তাদের বংশবিস্তার।

গবাদিপশু, ঘোড়া, ভেড়া, কুকুর ও বিড়াল ছাড়াও বন্য প্রাণী এবং মানুষ স্ক্রুওয়ার্মের শিকার হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে কোনো মানুষের সংক্রমণের ঘটনা এখনও পাওয়া যায়নি। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি সাধারণ মানুষের জন্য ঝুঁকি খুব কম বলে মূল্যায়ন করেছে। আক্রান্ত প্রাণীর শরীর থেকে সরাসরি অন্য প্রাণী বা মানুষের শরীরে এটি ছড়ায় না। পরিবেশে থাকা স্ত্রী মাছি নতুন ক্ষত বা দেহের স্বাভাবিক ছিদ্রে ডিম পেড়েই সংক্রমণ ঘটায়।

যুক্তরাষ্ট্রের জন্য এই পরজীবীর ফিরে আসা বড় উদ্বেগের কারণ। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দেশটির দক্ষিণাঞ্চলে স্ক্রুওয়ার্মের আক্রমণে গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছিল। পরে জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে বংশবিস্তার বন্ধ করার কৌশলে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা থেকে পরজীবীটি নির্মূল করা হয়। টেক্সাসে এই কার্যক্রম সম্পন্ন হয় ১৯৮২ সালে। ২০১৭ সালে ফ্লোরিডা কিজে নতুন করে সংক্রমণ দেখা দিলেও একই পদ্ধতিতে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল।


এই পদ্ধতিতে বিপুলসংখ্যক পুরুষ মাছি উৎপাদন করে বিকিরণের মাধ্যমে তাদের প্রজননক্ষমতা নষ্ট করা হয়। এরপর আক্রান্ত এলাকায় ছেড়ে দেওয়া হয় এসব বন্ধ্যা মাছি। স্ত্রী মাছি সাধারণত জীবনে একবারই মিলিত হয়। বন্ধ্যা পুরুষ মাছির সঙ্গে মিলনের পর তার ডিম নিষিক্ত হয় না। ফলে নতুন লার্ভার জন্মও হয় না। তবে কার্যকরভাবে পরজীবীর বিস্তার ঠেকাতে বিপুলসংখ্যক বন্ধ্যা মাছি নিয়মিত উৎপাদন ও অবমুক্ত করতে হয়।

সাম্প্রতিক সংকটের শুরু ২০২৩ সালে। মধ্য আমেরিকার পানামার ডারিয়েন অঞ্চল থেকে উত্তর দিকে ছড়িয়ে পড়তে থাকে পরজীবীটি। পরে মধ্য আমেরিকার বিভিন্ন দেশ পেরিয়ে ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে পৌঁছায়। ২০২৬ সালের ৩ জুন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রাদুর্ভাবের প্রথম প্রাণী-সংক্রমণ শনাক্ত হয়। রয়টার্সের ৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী মেক্সিকোর ২৭টি অঙ্গরাজ্যে প্রায় ৫১ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরজীবীটির বিস্তার ঠেকানোর লড়াইয়ে সবচেয়ে বড় বাধা এখন বন্ধ্যা মাছির ঘাটতি। পানামা ও মেক্সিকো মিলিয়ে সপ্তাহে প্রায় ১৫ কোটি মাছি উৎপাদিত হচ্ছে। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহে প্রায় ৫০ কোটি মাছি প্রয়োজন বলে বিশেষজ্ঞদের হিসাব। এ ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন উৎপাদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   পোষা প্রাণী  মাংসখেকো মাছি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: