বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে ভারত। দেশটির ভিসার মূল ক্যাটাগরি

2026-11-15T17:58:46+00:00
2026-11-15T17:58:46+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে ভারত। দেশটির ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হচ্ছে। নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। পাশাপাশি মেডিকেল, শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও আসছে পরিবর্তন।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হচ্ছে। এতে বিদেশি নাগরিকদের জন্য উপযুক্ত ভিসা নির্বাচন ও আবেদনপ্রক্রিয়া সহজ হবে।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩টি এবং উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে ৪৯টি করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আরও পরিবর্তন আনা হচ্ছে।

ট্যুরিস্ট ভিসার নাম হচ্ছে ভিজিটর ভিসা
নতুন নিয়মে প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’ (Visitor Visa)। আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হলেও নতুন ব্যবস্থায় পর্যটনের বাইরেও ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য যুক্ত করা হয়েছে। ভিজিটর ভিসাকে V-1 ও V-2—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের ভিত্তিতে আবেদনকারীরা উপযুক্ত ক্যাটাগরি বেছে নিতে পারবেন।

মেডিকেল ভিসায় দুই ধরনের ব্যবস্থা
মেডিকেল ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসাপদ্ধতি এবং আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য পৃথক ক্যাটাগরি রাখা হয়েছে। M-1 ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। অন্যদিকে, M-3 ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য। দুই ধরনের মেডিকেল ভিসাই সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। একই সুবিধা প্রযোজ্য হবে ই-ভিসার ক্ষেত্রেও।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নিয়ম
স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে। S-1 ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, S-2 ভিসা দেওয়া হবে পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীদের। এ ছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভিজিটিং ফ্যাকাল্টি, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও S-2 ভিসার আওতায় রাখা হয়েছে।

ব্যবসায়িক ভিসায় দুই উপক্যাটাগরি
ব্যবসায়িক ভিসাকে B-1 ও B-2—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। B-1 ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য দেওয়া হবে B-2 ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার মাধ্যমে ভারতের ই-ভিসা দেওয়া হয়। এ সুবিধা পাচ্ছেন ১৭২টি দেশের নাগরিকেরা। নতুন ভিসাব্যবস্থা কার্যকরের প্রস্তুতির অংশ হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। ভারত সরকারের আশা, নতুন এ ব্যবস্থার ফলে বিদেশি নাগরিকদের ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্বচ্ছ হবে। পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচনেও সুবিধা হবে।

সূত্র : দ্য স্টেটসম্যান, পিআইবি

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারত  ট্যুরিস্ট ভিসা  মেডিকেল ভিসা  বড় পরিবর্তন  ভিসা আবেদন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: