পরকীয়ার পর এবার এনভিডিয়ার সিইওর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও অফিসে চিৎকার-চেঁচামেচির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের

2026-11-15T20:53:40+00:00
2026-11-15T20:53:40+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পরকীয়ার পর এবার এনভিডিয়ার সিইওর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম 
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি : এনডিটিভি
প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও অফিসে চিৎকার-চেঁচামেচির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্রায়ই মেজাজ হারিয়ে অপমানজনক কথা বলতেন বলে অভিযোগ করেছেন তার সঙ্গে কাজ করা ব্যক্তিরা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জনসমক্ষে জেনসেন হুয়াংয়ের ভাবমূর্তি বেশ বন্ধুত্বপূর্ণ। সাক্ষাৎকারে তাকে প্রায়ই পরিচিত কালো চামড়ার জ্যাকেট পরতে দেখা যায়। এ ছাড়া নিজের কর্মজীবনের শুরুর দিকে থালাবাসন ধোয়া ও শৌচাগার পরিষ্কারের কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরতেন তিনি। তবে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা ব্যক্তিরা তার ভিন্ন এক আচরণের কথা জানিয়েছেন।

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কর্মক্ষেত্রে প্রায়ই মেজাজ হারাতেন হুয়াং। বৈঠকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে চিৎকার করতেন তিনি। সহকর্মীদের সামনে অপমানিত হওয়ার ভয়ে অনেক কর্মী আতঙ্কে থাকতেন।

এমনই একটি ঘটনা ঘটে গত ফেব্রুয়ারিতে। এনভিডিয়ার ৩০ জনের বেশি নির্বাহী কর্মকর্তার অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার বৈঠকে তৎকালীন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (বিশ্বব্যাপী মাঠপর্যায়ের কার্যক্রম) জয় পুরিকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন হুয়াং।

অভিযোগ অনুযায়ী, হুয়াং জয় পুরিকে বলেন, ‘আমি আশা করি তোমার ফ্লু হবে এবং সেটি আরও খারাপ হবে।’ এরপর তিনি বলেন, ‘আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে।’

এ সময় জয় পুরি নীরব ছিলেন। এ ঘটনা সম্পর্কে নিউইয়র্ক পোস্টকে একটি সূত্র জানায়, জেনসেনের কর্মীদের ওপর চিৎকার করা খুবই স্বাভাবিক ঘটনা। তবে জয়কে উদ্দেশ করে ওই নির্দিষ্ট কথাগুলো বলার সময় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও নীরব হয়ে গিয়েছিল। পরে জয় পুরিকে এনভিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

প্রতিবেদনে হুয়াংয়ের এমন আরও কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালে তিন ঘণ্টার একটি বৈঠকে প্রায় ৪০ জন কর্মীর সামনে প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তার ওপর ক্ষুব্ধ হন তিনি। ওই কর্মকর্তাকে উদ্দেশ করে হুয়াং বলেন, ‘আমার ব্যবসা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।’

অন্য এক ঘটনায়, প্রথমবারের মতো হুয়াংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর চড়াও হন তিনি। ওই কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘তুমি কি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছ? আমি শুধু মৃত মানুষের মতো মুখ দেখতে পাচ্ছি... বের হয়ে যাও।’ এরপর তাকে বৈঠককক্ষ থেকে চলে যেতে বলেন।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে এক বৈঠকে হুয়াং এক জ্যেষ্ঠ নির্বাহীর দিকে পানির বোতল ছুড়ে মেরেছিলেন বলেও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এ ছাড়া বার্লিনে একটি সম্মেলনে এনভিডিয়ার গ্রাহক কয়েকজন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সমালোচনা করেন হুয়াং। এ সময় জাপানের এক স্যুপ বিক্রেতার গল্প শোনান তিনি। ওই বিক্রেতা লাইনে অপেক্ষমাণ অন্য ক্রেতাদের জন্য পর্যাপ্ত খাবার রাখতে একজন ক্রেতাকে দ্বিতীয় বাটি স্যুপ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

হুয়াং ওই নির্বাহীদের বলেন, ‘তিনি আপনাদের সবার চেয়ে ভালো ব্যবসায়ী।’ পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘আপনারা আমার পণ্যের মূল্য প্রতিষ্ঠা করতে পারছেন না।’

জেনসেন হুয়াংয়ের জীবনী ‘দ্য থিংকিং মেশিন’-এর লেখক স্টিফেন উইটও নিউইয়র্ক টাইমসের এক নিবন্ধে তার আচরণ নিয়ে লিখেছেন। উইটের মতে, নিজের কর্মজীবনের শুরুর দিকে থালাবাসন ধোয়ার কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে এবং কর্মীদের প্রশংসা করে হুয়াং নিজেকে বিনয়ী নেতা হিসেবে উপস্থাপন করতেন। তবে এই প্রকাশ্য ভাবমূর্তির আড়ালে তার আচরণের অন্য একটি দিক ছিল।

উইট লিখেছেন, ভিন্নমত সহ্য করার ক্ষমতা তার খুব কম ছিল এবং খোলামেলা আলোচনায় অংশ নেওয়ার প্রবণতাও প্রায় ছিল না। সামান্য মতবিরোধেও তিনি মেজাজ হারিয়ে কর্মীদের ওপর চিৎকার শুরু করতেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশের পর তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন প্রতিবেদন সামনে এসেছে। অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ স্বীকার করার পর তিনি পদত্যাগ করেছেন বলে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই নারীকে সম্ভাব্য চীনা গুপ্তচর হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলসহ অন্তত তিন নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   এনভিডিয়া  সিইও  জেনসেন হুয়াং 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: