জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াং। সংগৃহীত ছবি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের সূত্রপাত ঘটেছিল তার স্বামী চীনা ব্যবসায়ী কাং ওয়েইয়ের মাধ্যমে। বিস্ময়কর বিষয় হলো, স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের এই সম্পর্কের কথা জানার পরও প্রায় দুই বছর তা মেনে নিয়েছিলেন কাং ওয়েই।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লিংলিং ওয়েইয়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এক দশকের পরিচয়ের সূত্র ধরে চীনা ব্যবসায়ী কাং ওয়েই নিজেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের পরিচয় করিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই দম্পতির পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক মেনে নিয়েছিলেন কাং ওয়েই। এমনকি পরিচিতদের কাছে এ বিষয়ে খোলামেলাভাবেও কথা বলতেন তিনি। কখনো কখনো অর্ধেক রসিকতা করে বলতেন, অ্যালিস হুয়াং জেনসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।
চীন ছাড়াও সিঙ্গাপুর ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণে ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়েছিলেন কাং ওয়েই ও অ্যালিস। গত এক দশকে ভিডিও গেম কোম্পানি, ওষুধশিল্পের মালিকানা অধিগ্রহণ এবং ক্লাউড কম্পিউটিং খাতে একের পর এক লাভজনক ব্যবসায় যুক্ত হন তারা। এসব উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হস্তান্তর এবং পরস্পর সম্পর্কিত কোম্পানির নেটওয়ার্ক গড়ে তোলেন।
এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ছিল তাদের সর্বশেষ ব্যবসায়িক আগ্রহের ক্ষেত্র। তবে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তাদের বিরোধও তৈরি হয়েছে।
একাধিক দেশে তদন্ত
জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের বিষয়টি সামনে আসার পর কাং ওয়েই ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে চীনের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্মকর্তারা মেগাস্পিড নামের একটি ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্ত করছেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ রয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনভিডিয়ার ক্লাউড পার্টনার হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবাকে প্রধান গ্রাহক হিসেবে ব্যবহার করে চিপ সংগ্রহের সুযোগ তৈরি করেছিল মেগাস্পিড। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা রপ্তানিসংক্রান্ত আইন মেনেই ব্যবসা পরিচালনা করেছে।
অন্যদিকে, তাইওয়ানের কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের প্রবেশের অনুমতি বাতিল করেছে। দ্বীপটিতে তার সফরের উদ্দেশ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ছিল কি না, কিংবা তিনি দেশটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া ২০২৫ সালের গ্রীষ্মে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ অ্যালিসকে আটক করেছিল। পরে দেশ ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট অপরাধে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, চলতি বছরের শুরুতে সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগে তদন্তের অংশ হিসেবে কাং ওয়েইকেও আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। তিনি বলেন, চীনা গুপ্তচরবৃত্তির যে বয়ান তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অনুমান। চীনকে অপবাদ দেওয়ার চেষ্টা ছাড়া এটি আর কিছুই নয়।
সময়ের আলো/ইউএমএইচ