প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
সংগৃহীত ছবিইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তার এই আহ্বানকে ‘লোকদেখানো বক্তব্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে সব মতবিরোধ দূরে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনে সমঝোতায় পৌঁছানো প্রয়োজন। তার মতে, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার ইরানের হুমকি মোকাবিলা করতে পারবে না।
তবে আইজেনকোট বলেন, নেতানিয়াহুর বক্তব্য রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। তার দাবি, ভিডিও বার্তা প্রকাশের আগেই দুই দলের আলোচকদের বৈঠকের সময় নির্ধারিত হয়েছিল।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ঐক্যের সরকারে লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানাতে পারেন আইজেনকোট। তবে প্রধানমন্ত্রী হবেন শুধু তিনি। নেতানিয়াহুর জন্য সরকারে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যবস্থা রাখার প্রস্তাবও রয়েছে।
১২০ আসনের নেসেটে আইজেনকোটের সম্ভাব্য জোটের চারটি দলের আসনসংখ্যা ৪৮। অন্যদিকে নেতানিয়াহুর জোটের আসন ৫৩। দুটি আরব দলের আসন রয়েছে ১৯টি। ফলে সরকার গঠনে আইজেনকোটকে অন্য দলের সমর্থন নিতে হবে।
আইজেনকোটের শর্ত, নেতানিয়াহু ছাড়া লিকুদ পার্টিসহ যেকোনো দল সরকারে যোগ দিতে পারবে। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি।
সূত্র : টাইমস অব ইসরায়েল
সময়ের আলো/কেএইচও