প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : আনাদোলু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা চেয়েছে পাকিস্তান। এ লক্ষ্যে অন্যান্য আঞ্চলিক দেশের সমর্থন নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) বৈঠকে তিনি এ কথা বলেন।
১০ সদস্যের এই সংস্থার বৈঠকে এশিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও।
বৈঠকে মূলত আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে পরিবহন ও বাণিজ্যিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসিওর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি প্রজাতন্ত্র।
এদিকে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও বক্তব্য দিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি নির্ভর করছে দেশটির তালেবান সরকারের সন্ত্রাসবাদ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর। তবে সোমবারের বৈঠকে আফগানিস্তানের কোনো কূটনীতিক উপস্থিত ছিলেন না।
চলতি বছর সীমান্তে একাধিক সংঘর্ষ ও পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। জঙ্গি তৎপরতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে।
অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব
পাকিস্তান জানিয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার সরাসরি আলোচনার আয়োজন করেছিল।
পরবর্তী সময়ে জুনে দুই দেশ সংঘাত অবসানে একটি অন্তর্বর্তী চুক্তিতে স্বাক্ষর করে। তবে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অচলাবস্থা দীর্ঘায়িত করার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টায় আঞ্চলিক দেশগুলোর সমর্থন কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।
সময়ের আলো/ইউএমএইচ