লাহোর হাইকোর্টে একটি শুনানিতে অংশ নিচ্ছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : ডন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন। সোমবার (১৬ নভেম্বর) ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) এবং ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের উদ্দেশে তিনি এ চিঠি লেখেন।
ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। চিঠিতে ইমরান জানান, ১১ নভেম্বরের সাক্ষাতে তিনি আইনজীবীকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
চিঠিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে ইমরান বলেন, তিনি সারা জীবন হাসপাতাল নির্মাণ করেছেন, যাতে দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।
তিনি লেখেন, আমি আমার জীবনের পুরোটা সময় হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তারা যেন বিনামূল্যে চিকিৎসা পান। আজ আমার একটাই চাওয়া— আমি ও আমার স্ত্রী যেন চিকিৎসা পাই।
ইমরান জানান, তিনি বর্তমানে একটি ‘নির্জন কারাকক্ষে’ বসে চিঠি লিখছেন। কারণ, এই দেয়ালের বাইরে নিজের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার এটিই এখন একমাত্র উপায়।
রাজনৈতিক প্রতিহিংসা ও বিচারব্যবস্থা নিয়ে অভিযোগ
চিঠিতে ইমরান বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং একজন পাকিস্তানি নাগরিক হিসেবে বিচার চাইছেন। ক্রিকেট, সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি দেশের সেবা করেছেন। পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার দাবি, ৭০ বছর বয়স পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না। কিন্তু ৭০ বছর পার হওয়ার পর তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে, শতাধিকবার আদালতে হাজির হতে হয়েছে এবং একবার হত্যাচেষ্টার শিকারও হয়েছেন। তবে সব সময় তিনি আইনি পথেই লড়াই চালিয়ে গেছেন।
ইমরান বলেন, সংবিধান সংশোধনের পর আদালত থেকে পাওয়া স্বস্তি ক্রমেই সীমিত হয়ে পড়ে এবং একসময় তা বন্ধ হয়ে যায়। আদিয়ালা কারাগারে তিনি ও তার স্ত্রী একের পর এক মামলার মুখোমুখি হচ্ছেন। তাদের আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
নির্জন কারাবাস ও স্বাস্থ্যগত অবনতি
ইমরানের অভিযোগ, তোশাখানা-২ মামলার রায়ের পর তার পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন ঘটে। এ মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি যুবরাজের উপহার দেওয়া দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে মামলাটি করা হয়েছিল।
ইমরান দাবি করেন, তাকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে থাকতে হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগও নেই।
তিনি জানান, দীর্ঘদিন আইনজীবীর সঙ্গে দেখা করতে না পারার পর সুপ্রিম কোর্ট তাকে সহায়তার জন্য আইনজীবী সালমান সাফদারকে নিয়োগ দেয়। গত ১০ ফেব্রুয়ারি সাফদার তার সঙ্গে দেখা করে জানতে পারেন, ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ বিষয়টি তার পরিবার বা আইনজীবীদের জানানো হয়নি।
ইমরানের দাবি, চলতি বছরে তিনি মাত্র চারবার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে মাত্র একবার দেখা করতে পেরেছেন। এতে তারা নিজেদের মামলায় যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন নির্জন কারাবাস ও মানুষের সঙ্গে যোগাযোগের অভাবে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। কারাগারের মেডিকেল বোর্ডও তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি উল্লেখ করে স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি।
বুশরা বিবির চোখের অবস্থাও সংকটাপন্ন
নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন ইমরান।
তিনি বলেন, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে তার জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আবার নির্জন কারাকক্ষে পাঠানো হয়।
ইমরানের ভাষ্য অনুযায়ী, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না এবং চোখ খুলতেও কষ্ট হচ্ছে। দ্রুত আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
ইমরানের অভিযোগ, বুশরা বিবির চিকিৎসাসংক্রান্ত নথি আটকে রাখা হয়েছে এবং তার পছন্দের চিকিৎসকদের কাছ থেকেও চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হয়নি
ইমরান চিঠিতে উল্লেখ করেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
কিন্তু এখন পর্যন্ত আদালতের সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার মামলা বর্তমানে ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
ইমরান বলেন, তার স্ত্রীর দৃষ্টিশক্তির অবনতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন না হওয়ার কারণেই তিনি বিচারপতিদের কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন।
তিনি আরও জানান, নির্জন কারাবাসে তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তার হৃদ্যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
৭৪ বছর বয়সী ইমরান বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে তিনি হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।
বিশেষ সুবিধা নয়, চিকিৎসা চান ইমরান
চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি বিচারপতিদের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছেন না। তিনি শুধু সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
তিনি বলেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হয়ে যাওয়ার আগে আমাকে ন্যায়বিচার দিন।’
এদিকে, বাবার চিঠি পড়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ইমরানের ছেলে কাসিম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, বাবার চিঠিটি পড়া তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক।
অন্য ছেলে সুলাইমানও চিঠিটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাবার যথাযথ চিকিৎসার আবেদন কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ড অনুযায়ী একজন বন্দির ন্যূনতম অধিকার। দেরি হওয়ার আগেই ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ইমরান ও বুশরা বিবির বর্তমান অবস্থা
২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। অন্যদিকে, পৃথক একটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেফতার হন তার স্ত্রী বুশরা বিবি।
ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্য সহযোগীদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সঙ্গে পরিবারের সদস্য ও দলের নেতাদের সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানুয়ারির শেষ দিকে ইমরানের ডান চোখের রেটিনার কেন্দ্রীয় শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এরপর তাকে কয়েকবার হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও সরকার তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে আবার কারাগারে পাঠানো হয়।
তখন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে শিফা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তোলে।
অন্যদিকে, গত এপ্রিলে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর তার অস্ত্রোপচার করা হয়। দৃষ্টিশক্তির অবনতির আশঙ্কায় তিনি আদালতের কাছে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা এবং নিজের পছন্দের চিকিৎসকদের কাছ থেকে নিজ খরচে চিকিৎসা নেওয়ার অনুমতি চেয়েছেন।
সাবেক এই ফার্স্ট লেডির দাবি, চিকিৎসকেরা তার চোখে পরিণত ছানি শনাক্ত করেছেন এবং আরেকটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ