কেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়াশা প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ায় দেশ দুটির জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার

2026-11-16T19:48:00+00:00
2026-11-16T19:54:08+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৭:৫৪ পিএম
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়াশা প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ায় দেশ দুটির জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে এই পরিস্থিতির জন্য শুধু ইন্দোনেশিয়াকে দায়ী করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন তিনি। দাবানল নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। 

রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সচিবালয় প্রকাশিত এক ভিডিওতে প্রাবোওকে বলতে শোনা যায়, ‘ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মানুষের দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

প্রেসিডেন্ট জানান, প্রায় চার মাস ধরে চলা দাবানল মোকাবিলায় সরকার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আগুনের ধোঁয়া সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশগুলোর পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আগুনে পুড়েছে প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমি

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার বোর্নিও, সুমাত্রা ও পাপুয়া দ্বীপে প্রায় চার মাস ধরে দাবানল ছড়িয়ে পড়ে। এতে বিস্তীর্ণ বনাঞ্চলসহ বিভিন্ন ধরনের জমি পুড়ে যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়। ধোঁয়ার কারণে কয়েক লাখ মানুষ শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগেছেন।

বন উজাড় ও দাবানল পর্যবেক্ষণকারী সংস্থা নুসানতারা অ্যাটলাসের উপগ্রহচিত্র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়তনের হিসাবে যা প্রায় ৭১ লাখ একর।

গবেষকদের মতে, শক্তিশালী এল নিনো, জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বন উজাড় এবং খনি ও বাণিজ্যিক বাগান তৈরির উদ্দেশ্যে পিটসমৃদ্ধ জলাভূমি শুকিয়ে ফেলার কারণে আগুনের তীব্রতা ও বিস্তার বেড়েছে।

ইন্দোনেশিয়ায় প্রতিবছর শুষ্ক মৌসুমে দাবানল দেখা গেলেও চলতি বছরের পরিস্থিতি গত এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

১৭ প্রতিষ্ঠানের জমির ইজারা বাতিল

দাবানলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭টি করপোরেট প্রতিষ্ঠানের জমির ইজারা বাতিল করেছে ইন্দোনেশিয়া সরকার। পাশাপাশি আরও ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও।

তিনি জানান, ইতিমধ্যে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আরও ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ১০৪টি প্রতিষ্ঠান পুলিশের তদন্তের আওতায় রয়েছে।


প্রাবোও স্পষ্ট করে বলেন, দাবানলের জন্য দায়ী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। বনভূমি ও অন্যান্য জমিতে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দাবানল মোকাবিলায় প্রায় ৭১ হাজার কর্মীকে কাজে লাগানো হয়েছিল বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের অভিযানে ১৬ জন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া অভিযান পরিচালনার সময় দুটি হেলিকপ্টারও হারিয়েছে দেশটি।

প্রাবোওর মতে, শুধু আগুন লাগার পর তা নেভানোর উদ্যোগ নিলেই হবে না। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে আগে থেকেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ উদ্দেশ্যে বন ও ভূমিতে অগ্নিকাণ্ড ঠেকাতে নতুন একটি সংস্থা গঠন এবং বিশেষ কর্মসূচি চালুর পরিকল্পনা করছে তাঁর সরকার।

ধোঁয়া সংকট মোকাবিলায় আসিয়ানের সহযোগিতা চায় সিঙ্গাপুর

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বড় পরিবেশগত উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এ সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে তথ্য ও প্রমাণ বিনিময় বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে দাবানলের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বন উজাড়, অবৈধভাবে জমি পরিষ্কার এবং পিটল্যান্ডে আগুন দেওয়ার প্রবণতা বন্ধ করা না গেলে প্রতিবছরই এ ধরনের ধোঁয়াশা সংকট দেখা দিতে পারে।

প্রতিবেশী দেশগুলোর কাছে প্রাবোওর ক্ষমা প্রার্থনাকে আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়; ভবিষ্যতে দাবানল প্রতিরোধ এবং এর জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন ইন্দোনেশিয়ার প্রধান চ্যালেঞ্জ।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মালয়েশিয়া  সিঙ্গাপুর  ইন্দোনেশিয়া  প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: