প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
ছবি : সংগৃহীতপাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের দীর্ঘ সময় দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে নিয়োজিত ছিলেন এই আলেম।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে পাকিস্তানসহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়েছে।
২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করছিলেন মাওলানা নযরুর রহমান। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দেশটিতে তাবলিগ জামাতের শুরুর দিকের প্রবীণ সাথিদের একজন ছিলেন মাওলানা নযরুর রহমান। জীবনের বড় একটি সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও ভূমিকা রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
সময়ের আলো/এসএকে