দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। উচ্চহারে

2026-11-16T20:11:30+00:00
2026-11-16T20:11:30+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম 
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে দায়িত্ব পালন করছেন পুলিশের এক কর্মকর্তা। ছবি : গালফ নিউজ
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। উচ্চহারে হত্যাকাণ্ডের কারণে আগে থেকেই উদ্বেগের মধ্যে থাকা দেশটিতে নতুন করে এ সহিংসতার ঘটনা ঘটল। 

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনি কার্যক্রম এবং মিনিবাস চলাচলের রুট নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটে থাকে। 

প্রিটোরিয়ার কাছে এক হামলায় নিহত ৯  

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটেছে রাজধানী প্রিটোরিয়ার বাইরের একটি অনানুষ্ঠানিক বসতিতে। সোমবার ভোরে একটি অস্থায়ী ঘর থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী। সবার শরীরে গুলির আঘাত ছিল।

প্রাদেশিক পুলিশ কমিশনার টমি মথোমবেনি জানান, গত বছর কাছাকাছি আরেকটি বসতিতে সংঘটিত বন্দুক হামলার সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র থাকতে পারে। ওই হামলায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন।

পিটারমারিটজবার্গে গাড়ির ভেতর আটজনের মরদেহ

দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিতে ঝাঁজরা একটি গাড়ি দেখতে পায়।

পুলিশ জানায়, গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে।


কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেটশিউন্ডা জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হামলার কারণ সম্পর্কেও নিশ্চিতভাবে কিছু বলার সময় হয়নি। 

তিনি বলেন, অতীতে এ ধরনের হামলার পেছনে গবাদিপশু চুরি, মাদক ব্যবসা এবং ট্যাক্সি চলাচলকেন্দ্রিক বিরোধসহ বিভিন্ন কারণ দেখা গেছে।

অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ

প্রাদেশিক মুখ্যমন্ত্রী থামসানকা এনটুলি এসব হত্যাকাণ্ডকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তার মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এ অঞ্চলের নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, এ মাত্রার বন্দুক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবৈধ অস্ত্র অপরাধীদের হাতে সহজে পৌঁছাতে থাকলে মানুষকে এভাবে প্রাণ হারাতে দেওয়া যায় না।

পুলিশ জানিয়েছে, দুটি হামলার মধ্যে কোনো সম্পর্ক নেই। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  বন্দুক হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: