চলতি মাসেই মক্কা জোটের সম্মেলন বসবে পাকিস্তানে : ইসহাক দার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ কমিটির পরবর্তী বৈঠক চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। সোমবার (১৬ নভেম্বর)

2026-11-16T21:30:36+00:00
2026-11-16T21:30:36+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চলতি মাসেই মক্কা জোটের সম্মেলন বসবে পাকিস্তানে : ইসহাক দার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম 
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংগৃহীত ছবি
মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ কমিটির পরবর্তী বৈঠক চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ইসহাক দার জানান, গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। 

জোটের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদে বৈঠকে বসতে পারে।

দার বলেন, জোটের প্রথম বৈঠকেই পরবর্তী আনুষ্ঠানিক সম্মেলন পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনটি দেশই এতে সম্মতি জানিয়েছিল। এর আগে গত মাসে সৌদি আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এসপিডিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এসপিডিসিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর পক্ষে পাকিস্তান

নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে ইসহাক দার বলেন, কোনো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেই অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তা কাঠামো থাকা প্রয়োজন। 

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো দক্ষিণ এশিয়া ও আশপাশের দেশগুলোরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা উচিত। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে এ ধরনের উদ্যোগের সূচনা হিসেবে দেখা যেতে পারে। 

দার আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও একদিনে গড়ে ওঠেনি। মক্কা চুক্তিটি মূলত নিজেদের প্রতিরক্ষার স্বার্থেই করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ইসিওর মহাসচিব আসাদ মজিদ খান এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন।


যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, এ বিষয়ে পাকিস্তান এখনো আশা ছাড়েনি এবং নিজেদের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। 

ইসিও বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। দারের ভাষায়, দুই দেশের মধ্যে অত্যন্ত খোলামেলা, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

তিনি জানান, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব কমিয়ে দুই দিনের পরিকল্পনায় আনা হয়েছে। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। 

দার বলেন, ‘আমরা আশা বা প্রচেষ্টা কোনোটিই ছেড়ে দিইনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মার্কিন মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ায় ওয়াশিংটন এখন ইরানের প্রস্তাবের বিষয়ে দ্রুত জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘ইরানের ওপর নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়’

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইসিও কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, নিষেধাজ্ঞা চিরকাল থাকবে না।

তিনি বলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে পুরো বিশ্ব ইরানের দিকে ছুটে যাবে। এ বিষয়ে তিনি লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটিতে প্রথম সফরকারী হিসেবে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরেন। 

উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সচিবালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।

সূত্র : ডন 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইসহাক দার  পাকিস্তান  মক্কা জোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: