চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ছবি : সংগৃহীতবিশ্বের তিন প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক বসছে আগামী বৃহস্পতিবার। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্বের’ বলে অভিহিত করেছে বেইজিং। চীনের প্রত্যাশা, এ বৈঠকের মধ্য দিয়ে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার নতুন পথ তৈরি হবে।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অনুষ্ঠিত হবে এ বৈঠক। চলতি সপ্তাহে সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই ফাঁকে তিন দেশের রাষ্ট্রপ্রধানেরা আলোচনায় বসবেন।
সোমবার (১৬ নভেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।
মাও নিং বলেন, বৈঠকে বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তিন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা জরুরি।
তার মতে, তিন দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো, মতপার্থক্য নিরসন এবং পারস্পরিক সম্পর্ক স্থিতিশীল রাখা সবার স্বার্থের অনুকূল। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও এমন উদ্যোগ প্রত্যাশা করে। এর ফলে বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরিতে সহায়তা মিলবে।
তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এ দিকে, বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি গুরুত্ব পেতে পারে। হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছে, আলোচনায় পারমাণবিক অস্ত্র কমানোর উদ্যোগ নিয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় না চীন। বেইজিংয়ের যুক্তি, পারমাণবিক অস্ত্রের মজুতের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকায় এ বিষয়ে দেশ দুটির সরাসরি আলোচনা করা উচিত।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।
অন্যদিকে, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিন দেশের শীর্ষ বৈঠক থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো উদ্যোগ এলে তাতে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ।
জাতিসংঘ দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সংস্থাটির আশঙ্কা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকা প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আরও বাড়ছে।
সময়ের আলো/এসকে