সংগৃহীত ছবিমেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো আর নেই। ‘বস অব বসেস’ বা সর্দারদের সর্দার নামে পরিচিত এই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ৮০ বছর বয়সে। রোববার (১৬ নভেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকোর কর্তৃপক্ষ।
গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ফেলিক্স গায়ার্দো ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মেক্সিকোর আধুনিক মাদক পাচার সাম্রাজ্য গড়ে তোলার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। তার নেতৃত্বে কলম্বিয়ার কোকেন পাচারকারীদের সঙ্গে শক্তিশালী যোগাযোগ তৈরি হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত রুট প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার সংগঠন।
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে তাকে গুয়াদালাহারা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জালিসকো কর্তৃপক্ষ জানায়, গত ১৩ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।
মেক্সিকোর মাদক সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ফেলিক্স গায়ার্দো। ‘জেফে দে জেফেস’ অর্থাৎ ‘বস অব বসেস’ এবং ‘এল পাদ্রিনো’ অর্থাৎ ‘দ্য গডফাদার’ নামেও পরিচিত ছিলেন তিনি।
গুয়াদালাহারা কার্টেলের মাধ্যমে মেক্সিকোর মাদক ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ফেলিক্স। তার সংগঠন কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের বিশাল নেটওয়ার্ক তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের রুট গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
মৃত্যুর সময় মোট ৭৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন এই মাদকসম্রাট। দুটি পৃথক মামলায় তাকে এ সাজা দেওয়া হয়েছিল।
মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অপরাধে প্রথমে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকোর পাইলট আলফ্রেডো জাভালা আভেলারকে অপহরণ ও হত্যার ঘটনায় আরও ৩৭ বছরের সাজা হয় তাঁর।
১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাগারে বন্দি ছিলেন ফেলিক্স গায়ার্দো। বয়স ও শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে কারাগারের পরিবর্তে গৃহবন্দি রাখার অনুমতি পেতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তার আইনজীবীরা।
তাদের যুক্তি ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বিশেষ করে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও চলাফেরার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ফলে কারাগারে থাকা তার জন্য কঠিন হয়ে উঠেছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে মেক্সিকোর একজন ফেডারেল বিচারক তাকে গৃহবন্দি রাখার আবেদন মঞ্জুর করেন। তবে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ওই আদেশের বিরুদ্ধে আপত্তি জানায়।
ফলে শেষ পর্যন্ত কারাগার থেকে গৃহবন্দি হওয়ার সুযোগ পাননি তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারেই বন্দি থাকতে হয়েছে মেক্সিকোর এই কুখ্যাত মাদকসম্রাটকে।
একসময় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন ফেলিক্স গায়ার্দো। বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তুলে অপরাধজগতের শীর্ষ পর্যায়ে পৌঁছালেও জীবনের শেষ অধ্যায় কেটেছে কারাগারের চার দেয়ালের মধ্যেই।
সময়ের আলো/ইউএমএইচ