তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা করে মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে তুরস্ক থেকে ইরানের এক সাবেক জেনারেলকে অপহরণ, কয়েক সপ্তাহ ধরে নির্যাতন এবং পরে হত্যার অভিযোগ

2026-11-16T22:48:38+00:00
2026-11-16T22:54:04+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
তুরস্কে ইরানি জেনারেলকে হত্যা করে মোসাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ১০:৫৪ পিএম
সংগৃহীত ছবি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে তুরস্ক থেকে ইরানের এক সাবেক জেনারেলকে অপহরণ, কয়েক সপ্তাহ ধরে নির্যাতন এবং পরে হত্যার অভিযোগ উঠেছে। কয়েক দশক ধরে নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালে লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরায়েলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানের পাইলট রন আরাদ তখন থেকে নিখোঁজ। এরপর থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল। এ অনুসন্ধানের সূত্র ধরে ইরান ও লেবাননের বেশ কয়েকজনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি লেবাননের একটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।   

২০০৬ সালের ডিসেম্বরে মোসাদের এ অভিযানের অন্যতম শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি। তিনি দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তানবুলে গিয়ে তাকসিম এলাকার সিলান হোটেলে ওঠেন আসগারি। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মোসাদের সদস্যরা তাকে অপহরণ করেন।

পরে আসগারির নিখোঁজ হওয়ার বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তথ্য জানতে চায়। তখন ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানান, রন আরাদের বিষয়ে তথ্য পাওয়ার আশায় আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। কিন্তু নিখোঁজ পাইলট সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এরপরও তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

তখন মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের অনুমোদন প্রয়োজন হয়ে থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় নিজস্ব তদন্ত চালায় ইরান। দেশটির তদন্তকারীদের ধারণা, ইসরায়েলি এজেন্টরা ইস্তানবুলের হোটেলকক্ষে ঢুকে তাকে অচেতন করে অপহরণ করেছিল। পরে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয় আরেক ইরানি কমান্ডারকে

রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ না থাকলেও ২০২১ সালে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডারকে অপহরণের অভিযোগ উঠেছে মোসাদের বিরুদ্ধে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনারেল আবদুল্লাহ সাবেরি সকালে দৌড়াতে বের হলে তাকে ধরে একটি রেফ্রিজারেটর রাখার বাক্সে ভরে চলন্ত ভ্যানে তোলা হয়। পরে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়।

অপহরণের সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা আড়াল করতেই তাকে হত্যা না করে জীবিত ছেড়ে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রন আরাদের মৃত্যুর সম্ভাব্য স্থান নিয়ে তদন্ত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে ধারণা করা হয়, ১৯৮৮ সালে লেবাননের পূর্বাঞ্চলীয় নাবি চিত গ্রামে মারা যান রন আরাদ। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর তার মৃত্যু হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।

তাকে অপহরণকারীরা ওই গ্রামে আটকে রেখেছিল এবং পরে সেখানেই দাফন করেছিল বলে মনে করা হয়। তবে ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিলেন, রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরানের কাছে তথ্য রয়েছে।

অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তাও অপহরণের শিকার

২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকেও অপহরণের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।

লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরায়েলি এজেন্টরা তাকে অপহরণ করেছে। এরপর থেকে তাকে আর জীবিত দেখা যায়নি। তার অবস্থানও এখন পর্যন্ত অজানা।

ইসরাইলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নাবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে আহমদ শুকরই রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। 

চলতি বছরের ৬ ও ৭ মার্চ নাবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে রন আরাদের মরদেহ দাফন করা হয়েছে। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে হামলার পরও সেখানে আরাদের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   তুরস্ক  ইরানি জেনারেল  হত্যা  মোসাদ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: