ইসরায়েলের অস্থায়ী ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিরোধিতা ও ক্ষমতাসীন জোটের বাধা উপেক্ষা করে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অস্থায়ী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। প্রধানমন্ত্রী

2026-11-16T23:03:40+00:00
2026-11-16T23:03:40+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের অস্থায়ী ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বিরোধিতা ও ক্ষমতাসীন জোটের বাধা উপেক্ষা করে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অস্থায়ী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের আইনপ্রণেতারা তার নিয়োগের বিরোধিতা করলেও বিরোধী দলের সমর্থনে শেষ পর্যন্ত এ দায়িত্ব পেয়েছেন তিনি।

সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল ন্যাশনাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের অ্যারেঞ্জমেন্টস কমিটি ১৩-৯ ভোটে নয়জনকে অস্থায়ী ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। এ নিয়ে কমিটির বৈঠকে সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়।

ভোটের সময় বিরোধী দলের আইনপ্রণেতারা নয়জনের নিয়োগের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে ক্ষমতাসীন জোটের সদস্যরা তালিকার বিপক্ষে ভোট দেন। বিশেষ করে আরব নেতা আহমেদ তিবিকে ডেপুটি স্পিকার করার বিষয়ে তাঁদের আপত্তি ছিল।

তবে প্রার্থীদের বিষয়ে আলাদাভাবে ভোট না নিয়ে পুরো তালিকাটি একসঙ্গে অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। ফলে ক্ষমতাসীন জোটের বিরোধিতা সত্ত্বেও ১৩-৯ ভোটে তালিকাটি অনুমোদিত হয়। এতে আহমেদ তিবিসহ নয়জনই অস্থায়ী ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পান।

অনুমোদিত তালিকায় আহমেদ তিবি ছাড়াও রয়েছেন ইতান গিন্সবার্গ, ইয়াইর ফিংক, ওয়ালিদ তাহা, লিমোর সন হার-মেলেখ, মাইকেল মালকিয়েলি, ওদেদ ফোরার, ইৎজাক পিন্ড্রুস ও বোয়াজ বিসমুথ।

আহমেদ তিবি আরব মুভমেন্ট ফর চেঞ্জ বা তা’আল দলের প্রধান। ১৯৯৯ সাল থেকে তিনি ইসরায়েলের পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৬, ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালেও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি।

ইসরায়েলের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্য আরব নেতারাও

ইসরায়েলের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া আরব নেতা শুধু আহমেদ তিবি নন। ২০১৫ সালে আয়দা তুমা-স্লেইমান প্রথম আরব আইনপ্রণেতা হিসেবে একটি স্থায়ী পার্লামেন্টারি কমিটির প্রধান হন। তিনি নারীর মর্যাদা ও লিঙ্গসমতাবিষয়ক কমিটির দায়িত্ব পান। পরে শ্রম, সমাজকল্যাণ ও স্বাস্থ্যবিষয়ক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০২১ সালে আরব দল রা’আমের নেতা মানসুর আব্বাস আরব সমাজবিষয়ক বিশেষ কমিটির প্রধান হন। একই বছর রালেব মাজাদেলে ইসরায়েলের প্রথম মুসলিম মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

এ অবস্থায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তাঁকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইসরায়েল  অস্থায়ী ডেপুটি স্পিকার  আরব নেতা  আহমেদ তিবি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: