ব্রেক্সিটে লাভের চেয়ে যুক্তরাজ্যের ক্ষতিই বেশি হয়েছে : বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে যুক্তরাজ্যের লাভের তুলনায় ক্ষতিই বেশি হয়েছে বলে মন্তব্য করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি

2026-11-16T22:56:51+00:00
2026-11-16T22:56:51+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ব্রেক্সিটে লাভের চেয়ে যুক্তরাজ্যের ক্ষতিই বেশি হয়েছে : বার্নহাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে যুক্তরাজ্যের লাভের তুলনায় ক্ষতিই বেশি হয়েছে বলে মন্তব্য করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। শুক্রবার যুক্তরাজ্য-ইইউ সম্মেলনের আগে সোমবার লর্ড মেয়রস ভোজসভায় দেওয়া ভাষণে ব্রেক্সিটের প্রভাব নিয়ে নিজের এই মূল্যায়ন তুলে ধরবেন তিনি।

বার্নহামের মতে, অপ্রয়োজনীয়ভাবে কঠোর শর্তে ব্রেক্সিট কার্যকর করায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নতুন নানা বাধার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি ‘নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার’ যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবে পূরণ হয়নি।

তবে ব্রেক্সিটের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না বার্নহাম। তার আপত্তি মূলত যেভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে, তা নিয়ে। যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন করে গড়ে তোলার পক্ষে তিনি।

শুক্রবারের সম্মেলনে খাদ্য, জ্বালানি ও তরুণদের চলাচল নিয়ে নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এসব চুক্তির মূল বিষয়বস্তু নির্ধারণ করেছিলেন বার্নহামের পূর্বসূরি কিয়ার স্টারমার।

সোমবারের ভাষণে বার্নহাম বলবেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যেকোনো নতুন চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, চুক্তিগুলো লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওই ইশতেহারে একক বাজার, শুল্ক ইউনিয়ন কিংবা মানুষের অবাধ চলাচলের ব্যবস্থায় ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

দ্বিতীয়ত, নতুন চুক্তিকে ‘মেকারফিল্ড পরীক্ষা’য় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর মাধ্যমে বাস্তব ও দৃশ্যমান উন্নতি আসতে হবে।

তৃতীয়ত, ২০১৬ সালের গণভোটে মানুষ যে ধরনের ব্রেক্সিটের প্রত্যাশা করেছিল, নতুন চুক্তি তার কাছাকাছি হতে হবে এবং আগের চুক্তির তুলনায় আরও ভালো ফল দিতে হবে।

নতুন সমঝোতার সম্ভাবনাকে উভয় পক্ষের জন্য লাভজনক হিসেবে তুলে ধরবেন বার্নহাম। তার মতে, এটি যুক্তরাজ্যের ইউরোপনীতি নিয়ে নতুন চিন্তাভাবনার প্রতিফলন।

ভাষণে তিনি বলবেন, ইউরোপের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থান কিংবা সম্পর্কের সেতু পুড়িয়ে দেওয়ার নীতিতে আর ফিরে যেতে চান না। বরং গঠনমূলক ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে চান, যাতে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই পক্ষ একসঙ্গে কাজ করতে পারে।

তবে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আনতে চান না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাজ্য-ইইউ সম্মেলনের পর জোটটির সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের সম্ভাব্য বিভিন্ন বিকল্প তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

বার্নহামও জানিয়েছেন, এসব বিকল্পের সম্ভাব্য সুবিধা ও অসুবিধা পর্যালোচনা করতে চান তিনি।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ব্রেক্সিট  যুক্তরাজ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: