আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে নিঃস্ব হয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এখলাছ উদ্দিন। বিপদের এই সময়ে তাকে একা থাকতে দেয়নি হাইস্কুল জীবনের সহপাঠীরা। ৩৪ বছর পরও অটুট বন্ধুত্বের টানে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯২-এর বন্ধুরা ছুটে গেছেন তার পাশে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ১৫-২০ জন সহপাঠী এখলাছের বাড়িতে যান। আগুনে পুড়ে যাওয়া বাড়ি দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। বন্ধুকে শান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করেন। তবে সহায়তার পরিমাণ প্রকাশ করেননি তারা।
সহপাঠীরা বলেন, বন্ধুত্ব শুধু স্মৃতির সম্পর্ক নয়, বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোই এর সবচেয়ে বড় পরিচয়। জীবনের কঠিন সময়ে এখলাছ যেন নিজেকে একা মনে না করেন, সেই বার্তা দিতেই তারা তার পাশে দাঁড়িয়েছেন।
বন্ধুদের পাশে পেয়ে এখলাছ উদ্দিন বলেন, বিপদের সময়ে মানুষকে চেনা যায়। বন্ধুরা পাশে দাঁড়িয়ে সেটিই আবারও বুঝিয়ে দিল। আগুনে অনেক কিছু পুড়ে গেছে। কিন্তু বন্ধুদের ভালোবাসা আমাকে নতুন করে সাহস দিয়েছে।
এ সময় ব্যাচ-৯২-এর সহপাঠী অতিরিক্ত কর কমিশনার মো. মাসুম বিল্লাহ সানি, মো. আতাউর রহমান, মো. আব্দুল মোত্তালিব ও হাজী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়। পুলিশও মানবিক ও কল্যাণমূলক ভালো কাজের পাশে রয়েছে। এ সময় তিনি এখলাছ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে এখলাছ উদ্দিনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সময়ের আলো/জোই