ভোলার মনপুরায় ইউপি মেম্বার মো. শরিফকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়া ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পরে বেলা সাড়ে ১১টায় গুরুতর আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত মো. শরিফ উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য)। তিনি ওই ইউনিয়নের কাজীরচর এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় কলাতলী ইউনিয়নের কাজীরচরে নিজের মহিষ দেখভালের জন্য যায়। এই সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা পিছন থেকে লাঠিসোঁটা দিয়ে হামলা করে হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আহত শরিফ জানান, মহিষ দেখভালের জন্য গেলে পিছন থেকে হামলা করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনেছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন জানিয়েছেন তিনি।
এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই