তায়কোয়ান্দোর ঝান্ডা এশিয়া থেকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রত্যয়

মামুন হোসেন

খেলা

জমকালো আয়োজনে শুরু হওয়া ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের পর্দাও নামল ঠিক একইভাবে। আয়োজনকে ঘিরে টুর্নামেন্ট ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী

2026-10-04T03:43:58+00:00
2026-10-04T03:43:58+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
তায়কোয়ান্দোর ঝান্ডা এশিয়া থেকে বিশ্বমঞ্চে নেওয়ার প্রত্যয়
মামুন হোসেন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
জমকালো আয়োজনে শুরু হওয়া ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের পর্দাও নামল ঠিক একইভাবে। আয়োজনকে ঘিরে টুর্নামেন্ট ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সেজে ছিল নতুনরূপে, নব আঙ্গিকে।

ম্যাটে প্রতিযোগীরা অংশ নেন আর বিশাল সাইটস্ক্রিনে সেই দৃশ্য ভেসে ওঠে। ক্লাব কাপ ওপেন প্রতিযোগিতা ঘিরে যেন মিলনমেলার সৃষ্টি হয়। কারণ সারা দেশ থেকে প্রতিযোগীরা এসেছিলেন নিজেদের মেধার ঝলক দেখাতে। অভিভাবকরা সাগ্রহে নিজ নিজ সন্তানের সঙ্গে ছিলেন, টুর্নামেন্ট উপভোগ করেছেন। খেলা শেষে কারোর গলায় উঠেছে পদক, কেউ খালি হাতে বিদায় নিলেও সেখানে বিষাদের ছাপ ছিল না; বরং এত বড় আসরে অংশ নিতে পেরে খুশি তায়কোয়ান্দোকারা। 

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় এবং মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাবের উদ্যোগে এবারের আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে মোহাম্মদপুর ক্লাব চ্যাম্পিয়ন ও বনানী তায়কোয়ান্দো ক্লাব রানারআপ এবং নারী বিভাগে ধানমন্ডি-৬ চ্যাম্পিয়ন এবং রানারআপ হওয়ার কীর্তি গড়ে ডায়নামিক ক্লাব।

দুই দিনব্যাপী ক্লাব কাপ ওপেন টুর্নামেন্টের গতকাল ছিল সমাপনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার এবং কোচেস কোর্সে অংশ নেওয়া রেফারিদের হাতে সনদ তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিএনপির মিডিয়া সেল সদস্য, তায়কোয়ান্দো ফেডারেশনের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান তালুকদার খোকন, এমপি (মাদারীপুর-৩)। যার কন্যা আবার এই প্রতিযোগিতায় অংশও নেন। 

আয়োজনের মূল কারিগর অবশ্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। রাত-দিন পরিশ্রম করে তিন দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্ট এবং রেফারি ট্রেনিং কোর্স প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন। যদিও এর কৃতিত্ব নিতে নারাজ রানা। তার 

কথায়, ‘আয়োজন সফল হয়েছে আমাদের সভাপতির নেতৃত্বে, শায়রুল ভাইসহ আমাদের কমিটির অক্লান্ত চেষ্টা আর পরিশ্রমে। এই কৃতিত্ব আমাদের স্পন্সর প্রতিষ্ঠান, খেলোয়াড়, কোচ, ক্লাব, ফেডারেশনের প্রতিটি কর্মী এবং অবশ্যই মিডিয়ার সহযোগিতায়।’ অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান বুটক্যাম্পের সিইও এবং বিঅ্যান্ডজি গ্রুপের চেয়ারম্যান মু. আবদুল কাইয়ুম, আরমানি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্যানকফ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নুসরাত জাকিয়া রহিম, ফেডারেশন সদস্য মোসলেম মিয়া, মাসুম কবির, বিপুল হাসান হ্যাজিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ক্লাব কাপ ওপেন টুর্নামেন্টের আয়োজন দেখে মুগ্ধ, অভিভূত ফেডারেশন সভাপতি আশরাফুজ্জামান সিদ্দিকী, যিনি একসময় আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন। সে সময় বহুবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন তিনি। গতকাল সমাপনী অনুষ্ঠানে এসে অনেকটাই নস্টালজিক হয়ে পড়েন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি অনেক বছর পর আজকে (গতকাল) এই ইনডোর স্টেডিয়ামে এলাম। আগে আমি সেনাবাহিনীর যে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড আছে, সেটির সভাপতি ছিলাম। তখন প্রায়ই আসা হতো। অনেক বছর পর এসে নিজে আমি নস্টালজিক ফিল করছি এবং এত বড়, এত সুন্দর এই যে ক্লাব কাপ ওপেন চ্যাম্পিয়নশিপের আয়োজন তা দেখে আমি সত্যিই অভিভূত।’


 এবারের ক্লাব কাপে সারা দেশের ৩৫টি ক্লাব জেলা ক্রীড়া সংস্থার আট শতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে বিশ্বাস তায়কোয়ান্দো ফেডারেশন সভাপতির। তবে এবার এশিয়ান গেমসে তাদের প্রতিনিধিত্ব না থাকায় কিছুটা হতাশাও ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আশার বাণীও শোনান, ভবিষ্যতে তার ফেডারেশন শুধু এশিয়াতে নয়, বিশ্বমঞ্চেও আসীন হবে, বিশ্বের বড় বড় আসর থেকে পদক নিয়ে আসবে। এ ব্যাপারে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমাদের এবারের এশিয়ান গেমসে তায়কোয়ান্দোর কোনো প্রতিনিধিত্ব ছিল না, তবে ভবিষ্যতে আমরা এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করতে চাই এবং সেই সঙ্গে যেন আমরা পদক আশা করতে পারি, এ বিষয়টি নিশ্চিত করতে চাই।’

তায়কোয়ান্দোর উন্নয়নে এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের স্বার্থে বিদেশি কোচ আনার ঘোষণা দেন সভাপতি। এ ব্যাপারে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমরা তায়কোয়ান্দোর চলমান ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরা তায়কোয়ান্দোকে বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নত করার চেষ্টা করব। প্রশিক্ষক বাড়াব, আমরা নেপাল থেকে প্রশিক্ষক আনার চেষ্টা করছি, ভবিষ্যতে থাইল্যান্ড থেকেও আনার চেষ্টা করব এবং দেশের প্রান্তিক পর্যায়ে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।’ 

বিজিবি প্রধান আরও যোগ করেন, ‘বর্তমান সরকার যেভাবে খেলাধুলার প্রতি আগ্রহ নিয়েছে এবং খেলাধুলাকে একটি পেশা হিসেবে রূপান্তর করার চেষ্টা করছে— খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা। এটাকে মূল লক্ষ্য হিসেবে সামনে রেখে কাজ করে যাব। সাউথ এশিয়া থেকে এশিয়া এবং তারপর ধীরে ধীরে যেন আমরা একসময় বিশ্বমঞ্চে এই তায়কোয়ান্দো প্রতিযোগিতাকে নিয়ে যেতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য।’ 

বর্ডার গার্ডের যে ২৭টি স্কুল-কলেজ আছে মূলধারার— মূল সংখ্যা আরও বেশি। সেই ২৭টির মধ্যে তায়কোয়ান্দো চালু করতে যাচ্ছি, কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পিলখানায় নূর মোহাম্মদ স্কুল-কলেজ আছে, আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ আছে। মূলত নূর মোহাম্মদে আমরা সুন্দরভাবে তায়কোয়ান্দো ইনক্লুড করেছি, যার প্রশিক্ষক এখানে আছেন। আর আমাদের এই পিলখানার মধ্যে যে চিলড্রেনস ক্লাব আছে— সেই ক্লাবেও আমরা তায়কোয়ান্দো প্রশিক্ষণ দিচ্ছি উল্লেখ করেন আশরাফুজ্জামান সিদ্দিকী।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   তায়কোয়ান্দো  এশিয়া  বিশ্বমঞ্চ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: