ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় এক রাত। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক এই লড়াইয়ে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতে ভারত কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল। ২৮ মিনিটে এস্তেভাওয়ের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাতেউজিনহোর পাস থেকে পাওয়া বল দূরপাল্লার শটে জালে পাঠান এস্তেভাও।
প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। ৪২ মিনিটে এস্তেভাওয়ের বাড়ানো বলে ভারতের রক্ষণ ভেঙে গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে ব্রাজিল। ৫৮ মিনিটে তৃতীয় গোলটি করেন স্যামুয়েল লিনো। এরপর ম্যাচের যোগ করা সময়ে, ৯০ মিনিটের সঙ্গে ৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন লিনো।
ম্যাচে বল দখলেও এগিয়ে ছিল ব্রাজিল। ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ভারতের গোলমুখে ২১টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। ভারত শট নেয় সাতটি, লক্ষ্যে ছিল দুটি।
এই ম্যাচটি ছিল দুই দলের সিনিয়র পুরুষ জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক লড়াই। বিশ্ব র্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান ছিল বড়—ম্যাচের আগে ব্রাজিল ছিল পঞ্চম, আর ভারত ১৩৮তম স্থানে।
আনচেলত্তির অধীনে ব্রাজিলের জন্য এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ জয়ের পর টানা দ্বিতীয় জয়। অন্যদিকে ঐতিহাসিক ম্যাচে বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের কঠিন এক পরীক্ষার মুখোমুখি হলো ভারত।
সময়ের আলো/কেএইচও