ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় মুখোমুখি হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো।
প্রায় ৯৯ দশমিক ৭৩ শতাংশ ভোট গণনা শেষে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ দশমিক ০৮ শতাংশ ভোট। লুলা পেয়েছেন ৪৫ দশমিক ১০ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ২৩ লাখের বেশি ভোট।
ফ্লাভিও বলসোনারো ৪৫ বছর বয়সী আইনজীবী ও সিনেটর। তিনি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে এবং লিবারেল পার্টির প্রার্থী। অপরদিকে ৮০ বছর বয়সী লুলা ওয়ার্কার্স পার্টির নেতা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর ২০২৩ সালে আবার ক্ষমতায় ফেরেন তিনি। এবার চতুর্থবারের মতো, তবে টানা নয়, প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন লুলা।
প্রথম দফার ফলাফল নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপের চিত্রও বদলে দিয়েছে। বেশিরভাগ জরিপে প্রথম দফায় লুলাকে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল।
ফ্লাভিওর প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল অপরাধ দমন, বাজারমুখী অর্থনীতি ও রক্ষণশীল সামাজিক নীতি। অন্যদিকে লুলার প্রচারে গুরুত্ব পেয়েছে সামাজিক কল্যাণ কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, শিল্প বিনিয়োগ ও বহুপক্ষীয় বাণিজ্য।
প্রথম দফায় ফ্লাভিওর দল কংগ্রেসের দুই কক্ষেই ভালো ফল করেছে। ফলে দ্বিতীয় দফায় লুলা জয়ী হলেও আইন প্রণয়ন ও সরকার পরিচালনায় তুলনামূলকভাবে খণ্ডিত কংগ্রেসের মুখোমুখি হতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবারের নির্বাচনে নিরাপত্তা ও অপরাধ দমনও ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ ছিল। ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্টের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের প্রায় ৭৮ দশমিক ৯২ শতাংশ প্রথম দফায় ভোট দিয়েছেন।
২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত করতে দুই প্রার্থীর মধ্যে সরাসরি লড়াই হবে।
সময়ের আলো/জেডি