নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে ওই আবাসিক এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ও নির্যাতিত শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়া থাকে। রোববার রাত আটটার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির হোসেন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তির বাড়ির সামনে ভিড় জমান। পরিস্থিতি বেগতিক দেখে জাকির হোসেন নিজেকে রক্ষায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে উত্তেজিত জনতার মধ্য থেকে হঠাৎ ইটপাটকেল ছোড়া হয়। এতে একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। পরে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে, যার আঘাতে তিনি সামান্য আহত হন। তবে পুলিশকে লক্ষ্য করে নয়, মূলত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই