ঢাকাই চলচ্চিত্রে অন্যতম প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল ‘নসিব’ শিরোনামের একটি নতুন সিনেমা নির্মাণ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন তিনি এবং এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। সম্প্রতি সিনেমাটির প্রথম দৃষ্টিনন্দন পোস্টার প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি নিভৃত কাঠের জেটিতে মুখোমুখি বসে আছেন এক জুটি। চারপাশের চাঁদের আলো ও নীরব আবহে তৈরি হয়েছে এক গভীর আবেগঘন পরিবেশ, যা সিনেমাটিতে শক্তিশালী রোমান্স ও মানসিক টানাপোড়েনের ইঙ্গিত দেয়। পোস্টারে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে— ‘কনসার্ন অব আরশাদ আদনান’। আর নির্মাণে নাম রয়েছে এমডি ইকবালের।
ইতিমধ্যে টেকনাফে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছে ইউনিট। এর বাকি অংশের দৃশ্যধারণ হবে ঢাকা এবং দেশের বাইরের কিছু মনোরম লোকেশনে। সবকিছু ঠিক থাকলে রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
পরিচালক এমডি ইকবাল বলেন, ‘গল্পের প্রয়োজনে আপাতত সিনেমাটির গল্প ও শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন। অ্যাকশন ও রোমান্টিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছে নতুন দুই মুখ, যাদের দেখে দর্শক অবশ্যই পছন্দ করবেন। নতুন গল্প ও নতুন জুটির পাশাপাশি সিনেমার লোকেশনেও থাকছে চমক। বিশাল সেটে শুটিং হয়েছে সিনেমাটির।’
জানা গেছে, বিগ বাজেটের এই সিনেমাটিতে আধুনিক কারিগরি প্রযুক্তি ও দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স ব্যবহার করা হচ্ছে, যা বড়পর্দায় দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। ঈদকে টার্গেট করেই ‘নসিব’ সিনেমার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও একাধিক সফল ও ব্যতিক্রমী বাণিজ্যিক চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন প্রযোজক আরশাদ আদনান। সেই ধারাবাহিকতায় ‘নসিব’ সিনেমাটিও দর্শকমনে নতুন কোনো অভিজ্ঞতা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে সিনেমাটি ঘিরে শুরু হয়েছে চর্চা।
সময়ের আলো/ইউএমএইচ