ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মাস্টার’। সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’
পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লড়তে হয়েছে ‘মাস্টার’কে। জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক বলেন, ‘এতগুলো দুর্দান্ত কাজের মাঝে আমার টিমের সবাই কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করার জন্য বিচারকমণ্ডলীর কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’
সিনেমার প্রশংসা করে জুরি বোর্ডের অফিসিয়াল বক্তব্যে বলা হয়েছে, ‘গল্পটা দেখতে সাধারণ মনে হলেও বর্তমান বিশ্বে গণতন্ত্র যেভাবে নানা সংকটের মুখে পড়েছে, সিনেমাটি তা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। এই গল্পে আমরা এমন একজন আদর্শবান শিক্ষককে দেখি, যিনি সবসময় সৎপথে চলতে চান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। তার সততা ও আদর্শ হয়তো পুরো সমাজকে বদলে দিতে পারত, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক ব্যবস্থার জটিল মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাকে দুর্নীতির কাছে হার মানতে হয়।’
উল্লেখ্য, ‘মাস্টার’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলমসহ অনেকে। এর আগে বিখ্যাত রটারড্যাম উৎসবে অংশ নিয়েও ইতিহাস গড়েছিল সিনেমাটি।
সময়ের আলো/ইউএমএইচ