প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’ । ছবি : সংগৃহীতমুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই স্থগিত করা হলো দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে ঘোষণা হয়েছে সিনেমাটি নির্ধারিত দিনে আলোর মুখ দেখছে না। জানানো হয়নি নতুন মুক্তির তারিখ।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান আনফর্মুলা ফিল্মস ও পরিচালক রবীন্দ্র পুল্লে যৌথ বিবৃতিতে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা জানান। তাদের ভাষ্য, মাইসাকে তারা তেলেগু সিনেমার অন্যতম ব্যতিক্রমী ও প্রযুক্তিনির্ভর অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে দর্শকের সামনে তুলে ধরতে চান। সিনেমাটির নির্মাণমান ও বড়পর্দার অভিজ্ঞতায় কোনো ধরনের আপস করতে চান না তারা। সে কারণেই নির্ধারিত সময়ে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন নির্মাতারা।
সিনেমাটির মুক্তি স্থগিতের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাশমিকা নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, মুক্তি পিছিয়ে যাচ্ছে, কবে হবে তা তিনি জানেন না। তবে নতুন তারিখ জানার সঙ্গে সঙ্গেই ভক্তদের জানাবেন।
মাইসায় রাশমিকাকে দেখা যাবে এক ভিন্নধর্মী চরিত্রে। সিনেমাতে তিনি অভিনয় করেছেন গন্ড আদিবাসী সম্প্রদায়ের এক নারীর ভূমিকায়। গল্পে নিজের সম্প্রদায়ের মানুষের ওপর নেমে আসা অন্যায়, হুমকি ও সহিংসতার বিরুদ্ধে একসময় যোদ্ধা হয়ে ওঠে তার চরিত্র। সিনেমার টিজারে রাশমিকাকে বাইক চালানো থেকে শুরু করে পানির নিচে অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে। এই সিনেমায় প্রচলিত রোমান্টিক কিংবা বাণিজ্যিক চরিত্রের বাইরে অ্যাকশননির্ভর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে।
পরিচালক রবীন্দ্র পুল্লের লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— ঈশ্বরী রাও, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, রাও রমেশ, শিবা কান্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং। সংগীত পরিচালনা করেছেন জেকস বিজয়। এটি তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে ভারতের কিংবদন্তি কর্ণাটিক সংগীতশিল্পী ও ভারতরত্নপ্রাপ্ত এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন রাশমিকা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে