প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম
সংগৃহীত ছবিছোটপর্দায় অভিনয়ের বৈচিত্র্য আর গল্পনির্ভর চরিত্র দিয়ে দর্শকের নজর কাড়ছেন বাংলাদেশের অভিনেত্রী আইশা খান। নাটক, চলচ্চিত্র ও উপস্থাপনা— তিন মাধ্যমেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহ তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা করে চিনিয়েছে।
সম্প্রতি একাধিক নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন আইশা। এর মধ্যে মাহমুদ মাহিনের ‘সন্তান’ নাটকটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় অভিনেত্রী। নাটকে তুলে ধরা হয়েছে একই ছাদের নিচে বসবাস করা কিছু মানুষের সম্পর্কের গভীরতা, স্বার্থ ও বিদ্বেষকে ঘিরে জন্ম নেওয়া টানাপোড়েনের গল্প। এতে আইশা খান অভিনয় করেছেন মিতু নামের একটি বনেদি পরিবারের মেজো বউ চরিত্রে। এতে আইশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
এর আগে মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘গুড নিউজ’ নাটকটি প্রকাশিত হয়েছে গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে। নিজামুদ্দিন রনির গল্পে নির্মিত নাটকটিতে আইশার বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। পরিচিত জীবনের নানা অভিজ্ঞতা ও বাস্তবতার ছায়ায় সাজানো হয়েছে নাটকটির গল্প। এতে নতুন ধরনের চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।
অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকেও অভিনয় করে আলোচনায় এসেছেন আইশা। শফিকুর রহমান শান্তনুর লেখা নাটকটিতে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও দীপা খন্দকার। মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের দাম্পত্য জীবনের টানাপোড়েন, পুরোনো প্রেম, সন্দেহ ও বিশ্বাসের সংকট উঠে এসেছে নাটকটির গল্পে। প্রকাশের পর দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এটি।
আইশা বলেন, যে গল্প ও চরিত্র দর্শকের মনে ছাপ ফেলতে পারে, সেসব কাজের প্রতিই আমার আগ্রহ বেশি। একই ধরনের চরিত্রে আটকে থাকতে চাই না। প্রতিটি নতুন কাজে অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরতে চাই। এ জন্য কাজের আগে গল্প ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি খুবই সচেতন।
ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করছেন আইশা। প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমায় ফাল্গুনী চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিবাসন, পরিচয় ও শেকড়ের টান নিয়ে নির্মিত সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও পরিচিতি রয়েছে আইশার। ‘ম্যাজিক বাউলিয়ানা’ উপস্থাপনার পর তাকে দেখা গেছে এনটিভির অনুষ্ঠান ‘রাতের আড্ডা’-এ।
সব মিলিয়ে নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যের কাজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন আইশা খান।
সময়ের আলো/কেএইচও