প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫২ পিএম
অভিনেতা আজিজুল হাকিম। ছবি : সংগৃহীতদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম টেলিভিশন মিডিয়ায় অতিক্রম করেছেন সাফল্যের ৫০ বছর। তার এই ধারাবাহিক সাফল্যের মূল্যায়নে এবার তিনি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে তার হাতে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। এটি সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সিজেএফবি বিশেষ সম্মাননা নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর— এই দুয়ের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’
১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হয়ে নাটকের মাধ্যমে অভিনয়জগতে পদার্পণ করেন আজিজুল হাকিম। এরপর তার ৫০ বছরের ক্যারিয়ারে হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরীসহ অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন।
ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের এই ২৫তম আসরে চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য এবার চিত্রনায়ক উজ্জ্বলকে আজীবন সম্মাননা, টিভি নাটকে ২৫ বছরের অবদানে বিশেষ সম্মাননা পাচ্ছেন নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার।
সময়ের আলো/প্রিন্ট/জেডি