প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম
নাজিফা তুষি। ছবি : সংগৃহীতসময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার হাতে উঠেছে ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ড। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তুষি।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুষি। প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পরিবারের সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানান। এই অর্জন শুধু তার একার নয় বলেও মনে করেন অভিনেত্রী। নির্মাণের সঙ্গে যুক্ত কলাকুশলী এবং পর্দার পেছনে কাজ করা প্রত্যেকের অবদান স্মরণ করেছেন। পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি। ‘রইদ’ সিনেমার জন্য এই স্বীকৃতি তার কাছে বিশেষ কিছু। একই সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত অভিনেত্রী।
মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সাধু নামের এক কৃষক এবং তার স্ত্রীকে ঘিরে সিনেমার গল্প। স্ত্রীকে দূরে কোথাও রেখে আসার চেষ্টা করে সাধু। কিন্তু তালগাছের ফল পড়লেই রহস্যজনকভাবে বাড়ি ফিরে আসে তার স্ত্রী।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাফল্য পেয়েছে ‘রইদ’। কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে তিনটি পুরস্কার জেতে সিনেমাটি। সেখানেও সেরা অভিনেত্রীর সম্মাননা পান নাজিফা তুষি।
এ ছাড়া ভিয়েতনামের দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগের সেরা এশীয় সিনেমার পুরস্কার অর্জন করে ‘রইদ’। স্পেনের বার্সেলোনায় এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরেও সেরা সিনেমা নির্বাচিত হয় এটি। ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ওই উৎসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টি দেশের ১২৮টি সিনেমা প্রদর্শিত হয়। বিচারকরা সিনেমাটির জাদুবাস্তবতা ও নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
আসন্ন অস্কারের ৯৯তম আসরে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি নির্বাচিত হয়েছে ‘রইদ’।
সময়ের আলো/প্রিন্ট/জেডি