রুনা লায়লা। ছবি : সংগৃহীত মাত্র দুদিন আগে উপমহাদেশের রুনা লায়লার জন্মদিন ছিল। এবারের জন্মদিনে তিনি যেমন অগণিত দর্শক-শ্রোতাদের কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা পেয়েছেন। তেমনি নিজেও সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারের জন্মদিনে নতুন মাত্রা যোগ করেছে স্বর্ণের গিটার উপহার পাওয়া। তবে তিনি প্রতি বছর উপমহাদেশের আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কাছ থেকে যেমন পেতেন শুভেচ্ছা, তেমনি পেতেন কোনো কোনো উপহার। আজ চার বছর ধরে তিনি তা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু তার অগাধ ভালোবাসা, দোয়া যেন এখনও রুনা লায়লার মনেপ্রাণে মিশে আছে।
রুনা লায়লা নিজেই এখন উপমহাদেশের এক কিংবদন্তির প্রতীক হয়ে উঠেছেন। কণ্ঠের শৈল্পিক দক্ষতায় সবার কাছে স্বীকৃত। ভৌগোলিক বা ভাষাগত ভিন্নতা বাধা হতে পারেনি। ১৮টি ভাষার ১০ হাজারের বেশি এই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা হতে পারতেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। যিনি উচ্চাঙ্গ নৃত্যে চার বছর তালিম নিয়েছিলেন। কিন্তু নৃত্যশিল্পী না হয়ে হলেন উপমহাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি যে একজন সুরকার হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
লতা মঙ্গেশকর তার বয়সের পড়ন্ত বেলায় রুনা লায়লার কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি রুনা লায়লার গানের প্রশংসাই শুধু করেননি। তিনি রুনা লায়লার গান শুনে মুগ্ধ হয়েছেন। গায়িকা হিসেবে দারুণ সফল হওয়ার পর তিনি যে একজন সুরকার হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন তা আনন্দের বিষয়। ভিডিও বার্তার কথাগুলো ছিল, ‘রুনা আমি তোমার গান শুনেছি। খুব ভালো লেগেছে। তুমি চমৎকার গাও। তুমি তো ভালো তো গাওই, তবে এটা একটা নতুন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে, তুমি একজন মিউজিক ডিরেক্টর হয়ে গেছ। এটা খুব খুশির কথা। আর মিউজিক ডিরেক্টর হওয়ার পর তুমি যে গানগুলো বানিয়েছ, সেগুলো খুব ভালো হয়েছে। রুনা, আমি তোমাকে এটা বলা উচিত নয়, যেহেতু তুমি একজন ভীষণ সমঝদার গায়িকা। বুঝে-শুনে গাও। তাই এই কাজটাও তোমার বুঝে-শুনেই করতে হবে। তুমি যে রাস্তায় পা রাখছ, সেটা কঠিন। তবে তোমার জন্য কঠিন নয়। আমি তোমাকে এর জন্য অনেক অনেক শুভকামনা জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি, তুমি যেন একজন অনেক বড় মিউজিক ডিরেক্টর হতে পার।’
রুনা লায়লা ‘লেজেন্ডস ফর এভার’ নামে তার নিজের সুরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা গান নিয়ে এই বিশেষ অ্যালবাম তৈরি করা হয়। এই অ্যালবামের মাধ্যমে রুনা লায়লা সফলভাবে একজন মিউজিক ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেন। যা তার দীর্ঘ সংগীত জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন মাইলফলক। অ্যালবামে রুনা লায়লার সুরে গান গেয়েছেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামি, রাহাত ফতেহ আলি খান। তবে এই অ্যালবামে রুনা লায়লা নিজেও একটি একক ও আদনান সামির সঙ্গে একটি দ্বৈতকণ্ঠে কণ্ঠ দিয়েছেন।
রুনা জীবন কাহিনি বর্ণাঢ্য। যেমন তিনি গেয়েছিলেন, গান নয় জীবন কাহিনি/ সুর নয় ব্যথার রাগিনী। তবে সুখ-দুঃখের পথ মাড়িয়ে তিনি আজ কিংবদন্তি রুনা লায়লা। তিনি হতে পারতেন একজন নৃত্যশিল্পী। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে এসেছে সংগীত ভুবনে। মাত্র চার বছর বয়সে তিনি শিখেছিলেন উচ্চাঙ্গ নৃত্য। যে সময় উপহার পাওয়া টাকা দিয়ে অনেকে অনেক কিছু কেনেন। তিনি কিনেছিলেন পায়ের ঘুঙুর। সেই ঘুঙুর পড়ে ঝুমুর ঝুমুর আওয়াজ তুলে সারা ঘরময় দৌড়ে বেড়াতেন। নৃত্যের ফাঁকে ফাঁকে বড় বোনের কাছে ওস্তাদজির তালিম দেওয়া গানের সুর ভেজেছেন। তার কণ্ঠের সুর আড়াল থেকে শুনে ফেলেন বড় বোন দীনা লায়লা ওস্তাদজি আবদুল কাদের। সুর শুনে ওস্তাদজি শুধু অবাক হননি। তাকেও গানের তালিম দেওয়ার অনুরোধ জানালেন তার মাকে।
ভাগ্যক্রমে এক অনুষ্ঠানে বড় বোন দীনা লায়লা গান করার কথা। দুর্ভাগ্যবশত সেদিন দীনা লায়লার কণ্ঠে গান ধারণ করার ক্ষমতা ছিল না। দীনা লায়লার পরিবর্তে রুনা লায়লাকে গান গাওয়ানোর জন্য মঞ্চে উঠিয়ে দেওয়া হয়। সেই যে যাত্রা শুরু। সেদিন শুধু দর্শক-শ্রোতার মন জয় করলেন না। জয় করলেন অনেক বিখ্যাত সংগীত পরিচালকদের। আর তার পথচলায় তিনি হয়ে উঠলেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। বাংলাদেশের গৌরবময় কিংবদন্তি শিল্পী। সবাই বলেন, তিনি হলেন সংগীত ভুবনের ধ্রুবতারা।
গানের ভুবনে আছেন ৬০ বছর। এত দূর আসা কীভাবে সম্ভব হলো? এই প্রশ্নের এক জবাব, সৃষ্টিকর্তার রহমতে আর সবার ভালোবাসার কারণে এতদূর আসতে পেরেছি। গান নিয়ে আর কতদূর যেতে চান? এই প্রশ্নেও শিল্পী রুনা লায়লা জানান, যতদিন ওপরওয়ালা কণ্ঠ ভালো রাখবেন ততদিন। যতদিন আমি তার রহমতে আর দর্শক-শ্রোতার ভালোবাসা ও আর্শীবাদ পেয়ে যাব ততদিন গান গেয়ে যাব। তবে হ্যাঁ, যখন আমি দেখব নিজে ভালোভাবে গান গাইতে পারছি না, সেদিন থেকে আর গান গাইব না।
রুনা লায়লা সম্পর্কে বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পীরা যে মন্তব্য করেছেন তা হলো, তিনি হলেন সবার জন্য আইকন সিঙ্গার। ১২ বয়সে প্রথম চলচ্চিত্র ‘জুগনু’ দিয়ে গান গাওয়া শুরু। তারপর আর থেমে থাকতে হয়নি। তিনি নিজেই বলেছেন, আমাকে এতদূর আসতে সংগ্রাম করতে হয়নি। আমি কারও বাড়িতে গিয়ে গানের রিহার্সেল করিনি। প্রিন্সিপাল মেইনটেইন করেছি। তবে রেকর্ডিং স্টুডিওতে গিয়ে রিহার্সেল করেছি। জুগনু ছবিতে গান গাওয়ার জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিহার্সেল হয়েছে। সংগীত পরিচালক আমাকে এতবার যে রিহার্সেল করিয়েছেন যতক্ষণ গান পারফেক্ট না হচ্ছে ততক্ষণ রিহার্সেল চলছে। এতে আমার কোনো বিরক্তিভাব আসেনি।
প্রথম ছবি জুগনু গান গাওয়ার বিষয়ে রুনা লায়লা জানান, সে সময় তো লাইফ রেকর্ডিং হতো। সে গানে আমার ১০৪টি টেক নেওয়া হয়েছে। জুগনু ছবির ‘গুড়িয়া সে মুন্নি’ গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছায়। সে ছবির সংগীত পরিচালক ছিলেন মনজুর হোসেন।
রুনা লায়লা মনে করেন একজন কণ্ঠশিল্পী যখন গান গাইবেন তখন তাকে তার ড্রেসের প্রতি মনোযোগী হতে হবে। বিশেষ করে যখন স্টেজ প্রোগ্রাম করবেন অবশ্যই পুরো পারফরম্যান্স দর্শক যেন আনন্দ পায়। প্রসঙ্গে ক্রমে তিনি জানান, আমি অনেক সময় গানের মুড ও সুর বুঝে পোশাক মেইনটেইন করি। একবার এক স্টেজ প্রোগ্রামে তিনি ৫টি গানে পাঁচ ধরনের পোশাক পরেছেন। কখনো টি শার্ট, কখনো সালোয়ার-কামিজ আবার কখনো শাড়ি। তিনি আবারও বলেন, মিডিয়াতে মাস্ট বি পারফর্ম।
ফ্যাশন সম্পর্কে রুনা লায়লা জানান, ১৯৭২ সাল থেকে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন করি। আমি মূলত ইরানি এক বিখ্যাত শিল্পীকে দেখে এটি আত্মস্থ করেছি। স্টেজ পারফর্ম করার ব্যাপারে তিনি পাকিস্তানের বিখ্যাত শিল্পী আহমেদ রুশদীর অবদানের কথা বলেন।
৬০ বছরের গানের ভুবনে তার স্মৃতির ভান্ডারে অসংখ্য স্মৃতি রয়েছে। যা তিনি কখনো ভোলেননি। বিশেষ করে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মৃতির পাতার খুলে তিনি জানালেন লতা মঙ্গেশকরের সঙ্গে কীভাবে দেখা হলো। দেখার মুহূর্তটা যেন কল্পনাতীত। আবার মোহাম্মদ রফির বিষয়ে তিনি জানালেন, ফিল্মফেয়ার পত্রিকায় তার ছবি দেখে মনে হতো এই মানুষটা এত ইমোশন নিয়ে কীভাবে গাইতে পারেন। একটি ছবিতে তার সঙ্গে গান গাওয়ার জন্য স্টুডিওতে গেছি। দেখি রফি সাহেব বাপ্পী লাহিড়ীর কাছে রিহার্সেল দিচ্ছেন। আমি মনে করলাম আমারই বুঝি দেরি হয়ে গেছে। স্টুডিওতে ঢুকেই রফি সাহেবকে আমি সরি বলি। কিন্তু তিনি নিজেই বললেন, না আপনি দেরি করেননি। ঠিক সময়ে এসেছেন। তিনি আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, আপনি বসেন। তিনি বললেন, না, আপ ব্যায় ঠিয়ে (না, আপনি বসেন)। আমি বললাম, আপনার সঙ্গে গান গাইতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। তিনি বললেন, আরে কী বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আপনার সঙ্গে গান গাইতে পেরে। মোহাম্মদ রফি যে কত বড় শিল্পী তিনি তা তার ব্যবহারের প্রমাণ দিলেন।
রুনা লায়লা বলেন, আমি ভারতে গান গাইতে গিয়েছিলাম। আয়োজকরা জিগ্যেস করলেন, এমন কেউ আছেন আপনি যার সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেন। রুনা লায়লা সঙ্গে সঙ্গে জানালেন, লতা মঙ্গেশকর। আয়োজকরা জানালেন, তিনি তো সহজে বের হন না। দেখি চেষ্টা করে। অনুষ্ঠান শেষে কে যেন সাদা শুভ্র শাড়ি পড়ে এগিয়ে আসছেন। হাতে তার ফুলের তোড়া। সঙ্গে আরও কয়েকজন মহিলা। লতা মঙ্গেশকর সামনে আসতেই তিনি অবাক। রুনা লায়লা বললেন, আমার কাছে মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখছি না তো? হার্ট অ্যার্টাক হওয়ার উপক্রম। পরে তাকে দেখে পায়ে সালাম করলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। লতাজি বললেন, আমি আপনার গান শুনেছি। আমি আপনার গান পছন্দ করি। রুনা লায়লা জানালেন, লতাজি সবসময় জন্মদিনে আমাকে শাড়ি পাঠাতেন। তিনি সবসময় আমাকে বলতেন, রুনাজি।
রুনা লায়লার নামের পরে কেন লায়লা যোগ হলো? এই প্রশ্নে তিনি বলেন, আসলে সবাই নামের শেষে বাবার নাম যোগ করেন। আমরা বললাম মায়ের নাম যোগ করতে। মায়ের নাম ছিল আমিনা লায়লা।
রুনা লায়লা যখন তৎকালীন পাকিস্তানে গান গাওয়া শুরু করেন সে সময় নূরজাহান, আইরিন পারভিন ও মালা দাপটের সঙ্গে চলচ্চিত্রে গান গেয়ে যাচ্ছেন। তবে পাকিস্তানের সব সুরকারদের নজরে পড়ে যায় রুনা লায়লা। যে কারণে কোনো চলচ্চিত্রে ৫টি গান থাকলে রুনা লায়লা গাইতেন ৩টি। বাকি গান নূরজাহান কিংবা মালা গাইতেন। পাকিস্তানের বিখ্যাত সুরকার নিসার বাজমী রুলা লায়লার কণ্ঠে অবাক হয়ে বেশিরভাগ তার চলচ্চিত্রে গান গাওয়াতেন বলে জানা গেছে।
রুনা লায়লা যখন কোনো স্টেজ শো থাকে তখন তিনি তার কয়েক দিন আগে থেকে কারও সঙ্গে তেমন কথা বলেন না। আর এই না বলার কারণ সম্পর্কে তিনি জানালেন, আমার সবসময় ফোকাস থাকে অডিয়েন্সের দিকে। কী ধরনের গান তারা পছন্দ করে। কীভাবে প্রবেশ করবেন। কীভাবে বের হতে হবে, এসব সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। কেউ কথা বললে কোনো উত্তর দিই না। হা হু করে শুধু মাথা নাড়াই। কারণ দিনে দিনে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা বাড়ছে। সেই প্রত্যাশা অনুযায়ী না পারফরম্যান্স করতে না পারি। এই ধরনের একটা লোড কাজ করে।
রুনা লায়লার আপন আত্মীয় কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম। তিনি তার গান শুনেই গান গাওয়ার উৎসাহ পেয়েছেন বলে জানান। রুনা লায়লা তিন দিনে ৩০টি গান গেয়েছেন। আর সেই থেকে তার নাম উঠে গেল গ্রিনিচ বুকে।
বাংলাদেশে আসেন ১৯৭৪ সালের ১০ জানুয়ারি। প্রথমে আসার পর সুবল দাসের সুরে স্বরলিপি ছবিতে গান করেন। আর সেই গানের কলি হচ্ছে, ‘গানের খাতায় স্বরলিপি লিখে কী হবে’। এই গানটি রেকর্ডিং হয়েছিল পাকিস্তানে। বাংলাদেশে এসে তিনি কয়েক দিন বয়কটের মুখে পড়েন। মাসুদ পারভেজের ছবিতে গান গাওয়ার মাধ্যমে সব বয়কট উঠে যায়।
রুনা লায়লাকে জিগ্যেস করা হয়েছিল আপনার প্রিয় সংগীত পরিচালক কে? তিনি বলেন, আমি এতজনের সঙ্গে কাজ করেছি যে বলা মুশকিল। তবে যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই ভালো।
১৯৮২ সালে বাপ্পী লাহিড়ীর সুরে ভারত থেকে একটি গানের রেকর্ড বের হয়। যার নাম ছিল ‘সুপারহিট রুনা’। সেই গানের রেকর্ড বের হওয়ার সঙ্গে সঙ্গে ১ লাখ কপি বিক্রি হয়ে যায়। অসাধারণ গানের জন্য তিনি ভারতে গোল্ডেন ডিস্ক পুরস্কার পান।
রুনা লায়লা তার সুরের সাধনে সহজাত প্রতিভায় শ্রোতাদের মনে জয় করেছেন। কেউ বলেন এভারগ্রিন। আবার কেউ বলেন জীবন্ত কিংবদন্তি। এই বয়সে রুনা লায়লা ফোক স্টুডিওতে ‘দামা দম মাস্ত কালান্দার’ গেয়ে আবারও প্রমাণ করলেন, লিজেন্ডের বয়স হয় না।
রুনা লায়লার গাওয়া গান ‘চাঁদের সাথে আমি দেব না তুলনা’। আসলে রুনা লায়লার সঙ্গে কাউকে তুলনা করা চলে না। তিনি নিজেই তার তুলনা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে