সুবীর নন্দী। ছবি : সংগৃহীত কিছু কণ্ঠস্বর থাকে, যাদের কোনো নির্দিষ্ট সময়ের সীমায় বন্দি করা যায় না। সময়ের স্রোত বয়ে যায়, প্রজন্ম বদলায়, সংগীতের ভাষা ও প্রকাশভঙ্গিতে আসে নানা বিবর্তন; তবু সেই কণ্ঠের আবেদন কখনো ফুরায় না। বরং যত দিন যায়, ততই গভীর হয় তার মায়া, বাড়ে তার অনুরণন। বাংলা গানের ভুবনে সুবীর নন্দী তেমনই এক নাম— যার কণ্ঠে প্রেম পেয়েছে কোমলতা, বিরহ পেয়েছে গভীরতা, আর বিষণ্নতা হয়ে উঠেছে এক অনির্বচনীয় সৌন্দর্যের শিল্পিত প্রকাশ।
১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন সুবীর নন্দী। সংগীতের প্রতি ভালোবাসা এবং পারিবারিক সাংস্কৃতিক আবহে তার বেড়ে ওঠা। শৈশব থেকেই গানের প্রতি ছিল গভীর অনুরাগ। শাস্ত্রীয় সংগীতের তালিম তার কণ্ঠকে দিয়েছিল পরিশীলিত ভিত্তি, আর নিজস্ব সাধনা ও নিষ্ঠা তাকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। তার বাবা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সংগীতপ্রেমী। মা পুতুল রানীও গান গাইতেন; কিন্তু রেডিও বা পেশাদারিত্বে আসেননি। সংগীতে তার হাতেখড়ি মায়ের কাছেই। ছোটবেলা থেকেই তিনি ভাইবোনদের সঙ্গে শাস্ত্রীয় সংগীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। তবে লোকগানে তার গুরু ছিলেন বিদিত লাল দাস। ১৯৬৭ সালে সিলেট বেতারে গান পরিবেশন করলেও পেশাদার গায়ক হিসেবে সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’ গানটির মধ্য দিয়ে।
‘দিন যায় কথা থাকে’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ কিংবা ‘বন্ধু হতে চেয়ে তোমার’— এমন অসংখ্য গান তার কণ্ঠে পেয়েছে চিরকালীন আবেদন। প্রতিটি গানে তিনি যেন আলাদা করে এঁকেছেন মানুষের অনুভূতির একেকটি প্রতিকৃতি। কখনো প্রেমের আকুলতা, কখনো বিচ্ছেদের দীর্ঘশ্বাস, কখনো আবার জীবনের কাছে জমে থাকা না-বলা কথাগুলো তার কণ্ঠে সুরের আশ্রয় পেয়েছে।
চলচ্চিত্রের গানেও সুবীর নন্দীর অবদান অনন্য। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সুবীর নন্দী এক অবিচ্ছেদ্য নাম। চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। তার গাওয়া গান ছাড়া একসময় ঢাকাই চলচ্চিত্রের পূর্ণতা যেন অসম্ভব ছিল। ‘দিন যায় কথা থাকে’ চলচ্চিত্রের টাইটেল সং গেয়ে তিনি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চলচ্চিত্রে তার গাওয়া— পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, তুমি এমনই জাল পেতেছ, বন্ধু হতে চেয়ে তোমার, কতো যে তোমাকে বেসেছি ভালো, পাহাড়ের কান্না দেখে, কেন ভালোবাসা হারিয়ে যায়, একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্খী রে-সহ বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
২০১৯ সালের ৭ মে চলে যাওয়া এই কিংবদন্তি সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ নানা সম্মাননা। তবে পুরস্কারের তালিকার বাইরেও তার সবচেয়ে বড় অর্জন অগণিত শ্রোতার ভালোবাসা।
বাংলা গানের আকাশে তিনি শুধু একজন শিল্পী নন, তিনি এক আবেগ, এক মায়া, এক অনিঃশেষ সুরের নাম। তিনি নেই, কিন্তু তার গানগুলো আজও বেঁচে আছে। আজ তার জন্মদিনে সুরের এই মহান বরপুত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে