প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীতমাতৃত্বের পর দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সিনেমার পর্দা কিংবা বিনোদনজগতের নানা আয়োজন— কোথাও তেমন দেখা যাচ্ছিল না তাকে। ব্যক্তিগত জীবন ও সন্তানকে সময় দিতেই যেন ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে এবার বিরতি ভেঙে আবারও প্রকাশ্যে এলেন তিনি। সম্প্রতি ভারতের উদয়পুরে বিমানবন্দরে দেখা গেছে ক্যাটরিনাকে। পরে একটি অনুষ্ঠানে কালো রঙের আকর্ষণীয় পোশাকে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
উদয়পুর বিমানবন্দরে ক্যাটরিনাকে ঘিরে ভিড় করেন ভক্ত ও আলোকচিত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছেন তিনি। এ সময় তাকে একনজর দেখতে ভিড় করেন অনেকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেন ক্যাটরিনা। সেখানে কালো রঙের প্যান্ট-স্যুটে আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কাড়ে সবার। তার সেই সাজ ও উপস্থিতির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৫ সালের ৭ নভেম্বর প্রথম সন্তানের মা হন ক্যাটরিনা। স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তাদের সংসারে আসে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয় ভিহান কৌশল। এরপর থেকেই সন্তানকে জনসমক্ষে আনার বিষয়ে বেশ সতর্ক ছিলেন এই তারকা দম্পতি। সম্প্রতি ছেলের প্রথম জন্মদিনের পর দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি প্রকাশ করেন তারা। সেই ছবিতেই প্রথমবারের মতো ভিহানের মুখ স্পষ্টভাবে দেখার সুযোগ পান সবাই। ছবির ক্যাপশনে পরিবারটির পক্ষ থেকে সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয়।
এদিকে ক্যাটরিনার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। তবে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো তাড়াহুড়া নেই তার। অভিনয়ে ফিরলে এমন কোনো চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি ম্যালিফিসেন্ট চরিত্রে দারুণ অভিনয় করতে পারব।’ অভিনয়ে বিরতিতে থাকলেও বসে নেই ক্যাটরিনা। নিজের প্রসাধনী ব্যবসা ও ব্যক্তিগত জীবনেই মনোযোগ দিচ্ছেন তিনি।
অন্যদিকে ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার প্রস্তুতি নিয়ে। ছবিটিতে আরও অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সময়ের আলো/প্রিন্ট/এমকে