প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
সংগৃহীত ছবিদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের আয়োজন বসেছে জয়পুরহাটে। জেলার কালাই উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল দীঘির পাড়ে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। তিন শতাধিক বছরের পুরোনো এই দীঘির কোলঘেঁষে নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের জমকালো আয়োজন। এতে অংশ নেন হাজারো দর্শক।
হানিফ সংকেতের পরিকল্পনা, রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। সেই ধারাবাহিকতায় এবার জয়পুরহাটের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, কৃষি ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে একটিতে জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গান নিয়ে একটি সংকলিত পরিবেশনা।
এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি।
জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। পাশাপাশি ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মণকে নিয়েও রয়েছে বিশেষ প্রতিবেদন। দর্শকপর্বে জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় পরিবেশিত হবে নাট্যাংশ। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’।
সময়ের আলো/কেএইচও