অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে নতুন কিস্তিতে থাকছেন না

2026-11-23T23:01:58+00:00
2026-11-23T23:01:58+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম 
অভিনেতা নাসির উদ্দিন খান ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে নতুন কিস্তিতে থাকছেন না আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা। তার পরিবর্তে প্রভার অন্তর্ভুক্তির খবরে সিরিজটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। ব্যতিক্রমী অভিনয় দিয়ে চরিত্রটিকে জনপ্রিয় করে তোলেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরবর্তী সময়ে এই চরিত্রকে কেন্দ্র করেই নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি।

নতুন সিজনেও অ্যালেন স্বপন চরিত্রে থাকছেন নাসির উদ্দিন খান। তবে আগের দুই সিজনের গুরুত্বপূর্ণ চরিত্র শায়লায় এবার দেখা যাবে না মিথিলাকে। জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। পেশাগত ব্যস্ততার কারণে নতুন সিজনের শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।


এদিকে মিথিলার পরিবর্তে প্রভাকে যুক্ত করার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে সিরিজটির দৃশ্যধারণ।

নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও নতুন সিজনে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। জানা গেছে, এবার গল্পে নতুনত্বের পাশাপাশি যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন চরিত্র। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   অ্যালেন স্বপন  নতুন সঙ্গী  প্রভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: