প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম
তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ । ছবি : সংগৃহীতআন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য একের পর এক সুখবর বয়ে আনছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের পর এবার মিসরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বিশেষ সম্মাননা অর্জন করেছে সিনেমাটি। এর মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমার উপস্থিতি আরও শক্তিশালী হলো।
গত ১১ থেকে ২০ নভেম্বর মিসরের কায়রোতে অনুষ্ঠিত হয় উৎসবটির এবারের আসর। সমাপনী অনুষ্ঠানে সমালোচক সপ্তাহ বিভাগে বিশেষ স্বীকৃতি পায় বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি।
‘সাঁকোটা দুলছে’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার স্বপ্ন দেখে তারা। বিশেষ করে অন্ধ এক কিশোরীর স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে নির্মাতা মানুষের স্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন তুলে ধরেছেন।
ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজনা করেছে বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মোগাদোর ফিল্ম। প্রযোজক হিসেবে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারি, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আয়ারল্যান্ডের সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কার অর্জন করে সিনেমাটি।
সময়ের আলো/প্রিন্ট/এসকে