যুক্তরাষ্ট্রে প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছানো ডিজেলের দাম কমাতে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ অক্টোবর) রাতে সই করা ওই আদেশে কম দামের ‘রেড-ডাইড ডিজেল’ ব্যবহারের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নেব্রাস্কায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘নতুন আদেশের ফলে যে কেউ যেকোনো প্রয়োজনে করমুক্ত লাল রঙের ডিজেল কিনতে পারবেন।’ তার দাবি, এতে শুধু জ্বালানির খরচই কমবে না, মুদি পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও কমতে পারে।
রেড-ডাইড ডিজেল মূলত সাধারণ ডিজেলের মতোই। তবে, এটি করমুক্ত এবং মহাসড়কের বাইরে ব্যবহারের জন্য লাল রঙ দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা হয়। সাধারণত ট্রাক্টর, কৃষিযন্ত্র ও শিল্পকারখানার বিভিন্ন যন্ত্রে এ জ্বালানি ব্যবহার করা হয়।
হোয়াইট হাউসের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মহাসড়কে ‘ডাইড’ বা লাল রঙের ডিজেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে এ জ্বালানির ওপর প্রযোজ্য ফেডারেল আবগারি কর স্থগিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মার্কিন নাগরিকদের জ্বালানি ব্যয় কমবে বলে দাবি করা হয়েছে।
সময়ের আলো/মহু