আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ অভিযোগ অনুসন্ধানে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে অনুসন্ধানের স্বার্থে আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
সময়ের আলো/এসএকে