সাতকানিয়ায় পৈতৃক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের হামলায় আহত ৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তিতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন

2026-10-07T11:20:50+00:00
2026-10-07T11:20:50+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় পৈতৃক জমিতে ঘর নির্মাণে প্রতিপক্ষের হামলায় আহত ৫
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম 
বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় সংবাদ সম্মেলন। ছবি : সময়েরে আলো
চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তিতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা দাবি করেন, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১০টায় সাতকানিয়ার কেরানীহাটের একটি হলরুমে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহান এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মো. শাহজাহান বলেন, তাদের পরিবারে তিন ভাই ও দুই বোন। পারিবারিকভাবে পৈতৃক সম্পত্তি বণ্টনের পর প্রত্যেকে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছিলেন। প্রায় তিন মাস আগে আমরা নিজেদের অংশে একটি পাকা বসতঘর নির্মাণ শুরু করি। কিন্তু প্রতিপক্ষ ওই জমিতে নিজেদের অংশ রয়েছে দাবি করে শুরু থেকেই নির্মাণকাজে বাধা দিতে থাকে।

তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হলে নির্মাণাধীন ঘরের জায়গায় প্রতিপক্ষের কোনো অংশ নেই বলে নির্ধারিত হয়। এরপরও তারা সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

শাহজাহানের অভিযোগ, গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা ধারালো দা, লোহার রড, গাছের লাঠি, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে নির্মাণাধীন ঘরে প্রবেশ করে রাজমিস্ত্রি ও শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করলে তারা পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।


তার ভাষ্য অনুযায়ী, বড় ভাই মো. ইউসুফের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়, যাতে মাথা, কপাল, কান, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অন্য ভাই শাহ আলমের পায়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে জাহেদা বেগম বলেন, ভাইকে রক্ষা করতে গেলে তাকে ধারালো দা দিয়ে কোপ দেওয়া হয়। পরে মারধর করে পরনের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, হামলায় তার মা মোস্তফা খাতুন ও ভাগিনা মুরাদ হাসানও আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় সবাইকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা নির্মাণাধীন ঘরের সেন্টারিংয়ের বাঁশ, কাঠ ও অন্যান্য নির্মাণসামগ্রী ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। এছাড়া প্রায় এক টন লোহার রড, রাজমিস্ত্রিদের নির্মাণসামগ্রী, ইট, কংক্রিটসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, যাওয়ার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, আবার ঘর নির্মাণের চেষ্টা করলে কিংবা থানায় বা আদালতে গেলে হত্যা, লাশ গুম এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাতকানিয়া  পৈতৃক জমি  ঘর নির্মাণ  প্রতিপক্ষ. হামলা  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: