সাতকানিয়ায় যানজট নিরসনে কেরানীহাট অংশ চার লেনে উন্নীতকরণের উদ্যোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট বাজার অংশ চার লেনে উন্নীত করার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে

2026-10-05T12:03:37+00:00
2026-10-05T12:03:37+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় যানজট নিরসনে কেরানীহাট অংশ চার লেনে উন্নীতকরণের উদ্যোগ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম 
সাতকানিয়া শহর। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট বাজার অংশ চার লেনে উন্নীত করার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের পর নড়েচড়ে বসেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। একই সঙ্গে কেরানীহাটের যানজটের স্থায়ী সমাধানে চার লেনের একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনাও দ্রুত এগিয়ে চলেছে।

জানা গেছে, গত ২৩ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে পাঠানো ডিও লেটারে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া আংশিক-চন্দনাইশ) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দিন আহমেদ কেরানীহাটের ভয়বহ যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং যানবাহনের ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু কক্সবাজার ও বান্দরবান নয়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং চলমান মেগা প্রকল্পগুলোর অন্যতম প্রধান যোগাযোগপথ। ফলে প্রতিদিনই এই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় কেরানীহাট অংশে সড়ক প্রশস্ত করা এখন সময়ের দাবি।

সরেজমিনে দেখা যায়, কেরানীহাট বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ পয়েন্ট। মহাসড়কের একাংশ দখল করে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং হকারদের দোকান বসানোর কারণে চলাচলের পথ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। মাইক্রোবাস, হাইচ ও সিএনজিচালিত অটোরিকশার নির্দিষ্ট কোনো পার্কিং স্ট্যান্ড না থাকায় সামান্য চাপেই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও চালকদের প্রত্যাশা, সড়কের অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং জোন তৈরি এবং দীর্ঘমেয়াদে চার লেন সড়ক ও ফ্লাইওভার নির্মাণ করা হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ চিরতরে দূর হবে।


এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী বলেন, সড়কের দুই পাশের অবৈধ দখলের কারণেই মূলত যানজট তৈরি হচ্ছে। কেরানীহাটে জরুরি ভিত্তিতে একটি ফ্লাইওভার নির্মাণ প্রয়োজন, বিষয়টি জানিয়ে আমরা সড়ক বিভাগে চিঠি দিয়েছি।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, কেরানীহাটের যানজট নিরসনে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে কেরানীহাটের আগে রেলক্রসিং থেকে চার লেনের একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে মূল সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ বলেন, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, কেরানীহাট বাজার অংশ চার লেনে উন্নীতকরণ এবং পরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন হলে শুধু সাতকানিয়া নয়, পুরো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যান চলাচলে গতি আসবে এবং দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   যানজট নিরসন  কেরানীহাট  চার লেনে উন্নীতকরণ  ফ্লাইওভার  প্রস্তুতি  সময়ের আলো  চট্টগ্রাম  সাতকানিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: