মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দায়িত্ব পালন নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-২০৮০/২০২৬-এর ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মামলাটি হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৫০৯৯/২০২৬ থেকে উদ্ভূত।
আদেশে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগ গত ১৪ জুন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে।
একই সঙ্গে সংশ্লিষ্ট রুলটি হাইকোর্ট বিভাগের উপযুক্ত বেঞ্চকে যত দ্রুত সম্ভব নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সম্ভব হলে আদেশ পাওয়ার পর পরবর্তী বার্ষিক অবকাশ শেষে চার সপ্তাহের মধ্যে রুলটি নিষ্পত্তির কথাও বলা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার কর্তৃপক্ষের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান সুমনকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। পরে গত ১৪ জুন হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে অব্যাহতির সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করা হয়।
তবে আপিল বিভাগের ৩ সেপ্টেম্বরের আদেশে হাইকোর্টের ওই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
ফলে হাইকোর্টের ১৪ জুনের আদেশের ভিত্তিতে সুমনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের যে সুযোগ তৈরি হয়েছিল, আপিল বিভাগের আদেশের পর তা আপাতত কার্যকর থাকছে না।
সময়ের আলো/জোই