বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এ কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। এ ছাড়া, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসংগত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।
সময়ের আলো/কেএইচও