মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে

2026-10-08T18:17:29+00:00
2026-10-08T18:17:29+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে মাদক সেবনের নানান সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব‌রিশাল কার্যালয়ের পরিদর্শক জাহিদুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। 

আটক ব্যক্তিরা হলেন, বরিশাল মেট্রোপলিটন পু‌লিশের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শেরে বাংলা রোড এলাকার সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মিরাজুল ইসলাম (৩৪) ও বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব‌রিশাল কার্যালয়ের পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজ হাওলাদারের বাড়িতে মাদক কেনা-বেচা, সেবন ও আড্ডা হয় এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ছিল। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাড়িটি ঘেরাও করা হয়। পরে স্থানীয় লোকজনকে নিয়ে বাড়িটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ২০ মিনিটের চেষ্টায় ঘরটির ভেতরে প্রবেশ করা হয়।

ভেতরে প্রবেশ করার পর চারজনকে আটক করা হয় এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক ব্যক্তিদের মধ্যে দেলোয়ার হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় প্রদান করেন। পরে বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করা হলে, তারা দেলোয়ার হোসেনের পরিচয় নিশ্চিত করেন এবং তাদের জিম্মায় নিয়ে যান। এ ঘটনায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

এদিকে পুলিশ সদস্য দেলোয়ার হোসেন ব্যতিত বাকী তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হেফাজতে নেয়া হয়েছে এবং তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করায়, তাদের ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রিপোর্ট পেলে নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ঘটনাস্থলে যেহেতু মাদকদ্রব্য পাইনি, শুধু মাদক সেবনের সরঞ্জাম পেয়েছি। তাই পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে তার বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আর যদি ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য পাওয়া যেত তাহলে তাকে ছেড়ে আসার সুযোগ ছিল না।


তিনি বলে‌ছেন, ওই পুলিশ সদস্য ওখানে কেন গিয়েছেন সেটি তার ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখবেন, তবে আমরা তারে ডোপ টেস্ট করার জন্য কর্মকর্তাদের বলেছি।

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন , বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন নির্দেশনা অনুযায়ী আইন ও চাকুরি বিধিতে যে ধরনের নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী এএসআই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ডোপ টেস্টও করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মাদকবিরোধী অভিযান  পুলিশ কর্মকর্তা  আটক  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: