পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পদ স্থগিতের আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে হাতাহাতি ও রুম ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পৃথক পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে। এই ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় সংসদ সভাপতি রাতুলের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
সময়ের আলো/জোই