দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি এবং কুয়াকাটা পৌর বিএনপির দুই শীর্ষ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বুধবার পটুয়াখালী জেলা বিএনপি পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সই করা চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং নীতিনৈতিকতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়া দুই নেতা হলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে সম্প্রতি চুরির অপবাদ দিয়ে এক মা ও শিশুকে মারধরের গুরুতর অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। পরবর্তীতে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি নিয়ে বিরোধের মীমাংসায় দলীয় কার্যালয় ব্যবহার করার অভিযোগ ওঠে। ওই বিরোধের জেরে তিনি সংশ্লিষ্ট পক্ষকে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ৩ অক্টোবর জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ে তিনি হাজির না হওয়ায় অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত নেতাদের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, আদর্শ এবং রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। কারণ দর্শানোর নোটিশ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই তাদের পদ স্থগিতের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই