মেহেরপুরের গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচায় অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তবে পরিদর্শনে সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে তিনি এই সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন।
উপজেলা চত্বরে অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, ‘গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রয়-বিক্রয়ে মহুরিদের মাধ্যমে অতিরিক্ত তিন হাজার টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ করেছিলেন কিছু ভুক্তভোগী। জনগণের সেই অভিযোগের সত্যতা যাচাইয়ে আমি নিজেই সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়েছিলাম। তবে আজকের পরিদর্শনে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো অভিযোগের সত্যতা মেলেনি।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস, গাংনী উপজেলা জামায়াতের আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, জিলুর রহমান, সাইফুল্লাহ এবং এনসিপি নেতা আমির হামজাসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।
সময়ের আলো/জোই